প্রকাশ পেল ‘অভিমান’ ছবির প্রথম ঝলক
ছবি: সংগৃহীত
০৯:৩৬ এএম | ১৭ মে, ২০২৬
টলিউডে নতুন ছবি নিয়ে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে প্রসেনজিৎ চ্যাটার্জি। বহু প্রতীক্ষিত ‘অভিমান’ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে বেড়েছে কৌতূহল। পোস্টারে এক ভিন্ন অবতারে ধরা দিয়েছেন প্রসেনজিৎ। রকস্টারের চরিত্রে মঞ্চে দাঁড়িয়ে গান গাইতে দেখা গেছে তাঁকে। অন্যদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও যিশু সেনগুপ্তর মুখে ধরা পড়েছে এক গভীর বিষণ্নতার ছাপ। সব মিলিয়ে ছবির প্রথম ঝলকেই তৈরি হয়েছে রহস্যের আবহ।
চলতি বছরের শুরুতেই ছবিটির ঘোষণা করা হয়েছিল। যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি হচ্ছে এই ছবি। তবে মাঝপথে আচমকাই থমকে যায় শুটিং। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হয়ে সাময়িকভাবে শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্মাতারা। পরে আবার নতুন করে শুরু হয় ছবির কাজ।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। সেখানে রকস্টার রূপে প্রসেনজিতের উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। একই সঙ্গে শুভশ্রী ও যিশুর চরিত্র নিয়েও তৈরি হয়েছে নানা জল্পনা। পোস্টারে তাঁদের মুখের অভিব্যক্তি যেন সম্পর্ক, অভিমান আর অপ্রকাশিত আবেগের ইঙ্গিত দিচ্ছে।

টলিপাড়ার অন্দরের খবর, ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অরিজিতা মুখার্জিকেও। জানা গেছে, তাঁর চরিত্রটি অত্যন্ত ইতিবাচক এবং যিশু সেনগুপ্তর চরিত্রের সঙ্গে রয়েছে বিশেষ আবেগের সম্পর্ক। ইতিমধ্যেই নিজের অংশের শুটিং শেষ করেছেন অভিনেত্রী।
এই ছবির মাধ্যমে আবারও একসঙ্গে কাজ করছেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এর আগে তাঁদের ‘গৃহপ্রবেশ’ দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। তাই নতুন এই ছবিকে ঘিরেও প্রত্যাশা অনেক বেশি।
প্রসেনজিৎ, শুভশ্রী ও যিশুর পাশাপাশি ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন কাঞ্চন মল্লিক, অনন্যা বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই মুক্তি পেতে পারে ‘অভিমান’।
পিআর/টিকে