আজ দেশে আনা হচ্ছে কারিনা কায়সারের নিথর দেহ
ছবি: সংগৃহীত
০৯:৩৭ এএম | ১৭ মে, ২০২৬
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, চিত্রনাট্যকার ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আজ রবিবার (১৭ মে) দুপুরে দেশে আনা হচ্ছে। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে তাঁর অকাল মৃত্যু ঘটে। তাঁর বাবা কায়সার হামিদ জানিয়েছেন, প্রাতিষ্ঠানিক ও আইনি প্রক্রিয়া শেষে দুপুরে মরদেহ দেশে পৌঁছানোর পর আজ বাদ আসর ঢাকার বনানী ডিওএইচএস মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মুন্সীগঞ্জের গজারিয়ায় নানির বাড়িতে তাঁকে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, কারিনা কায়সার বেশ কিছুদিন ধরেই লিভারের জটিলতায় ভুগছিলেন। হেপাটাইটিস এ এবং ই-জনিত কারণে তাঁর লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চেন্নাইয়ের ভেলোর খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণ করে তাঁর লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে হাসপাতালে ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ তাঁর রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যায়, যার ফলে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

কনটেন্ট তৈরির পাশাপাশি শোবিজ অঙ্গনেও কারিনা কায়সারের দৃপ্ত পদচারণা ছিল। একজন দক্ষ চিত্রনাট্যকার ও অভিনেত্রী হিসেবে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ 'ইন্টার্নশিপ' ও '৩৬-২৪-৩৬'-এ তাঁর কাজ প্রশংসিত হয়েছে। সম্ভাবনাময়ী এই তরুণীর আকস্মিক মৃত্যুতে বিনোদন জগতের নির্মাতা, সহকর্মী ও সাধারণ অনুরাগীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
টিজে/টিকে