চামড়া সংরক্ষণে শিল্প মালিকদের সহায়তা দেয়া হবে: শিল্পমন্ত্রী
ছবি: সংগৃহীত
১১:২৯ এএম | ১৭ মে, ২০২৬
চামড়া সংরক্ষণে শিল্প মালিকদের সব ধরনের সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (১৭ মে) রাজধানীর মতিঝিলে চামড়া শিল্প খাতের উন্নয়নে সুপারিশ প্রণয়ন ও কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের গঠিত টাস্কফোর্সের ৯ম সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, চামড়া শিল্পকে একটি লাভজনক খাতে রূপান্তর করতে হলে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স নিশ্চিত করা অত্যন্ত জরুরি
চামড়া শিল্পে বিপুল কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে এবং সরকার এ খাতকে টেকসইভাবে এগিয়ে নিতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় প্রতিষ্ঠিত ইটিপি যেন কোনোভাবেই বন্ধ না হয় বা অপব্যবহারের শিকার না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। চামড়া শিল্পের কঠিন ও তরল বর্জ্য অত্যন্ত ক্ষতিকর হওয়ায় এ বিষয়ে সবাইকে সতর্ক থাকাতে হবে।
তিনি আরও বলেন, পশু জবাই থেকে শুরু করে চামড়া বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াকে একটি সুশৃঙ্খল সিস্টেমের আওতায় আনা হবে। এতে করে চামড়া খাতকে একটি বড় আয়ের উৎসে পরিণত করা সম্ভব হবে।
এ খাতের ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দ্রুত নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধও জানিয়েছেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, সাভারের ট্যানারি শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
এমআই/টিকে