দীর্ঘ ৫২ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে হাইতি
ছবি: সংগৃহীত
০৩:৪২ পিএম | ১৭ মে, ২০২৬
দীর্ঘ ৫২ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছে হাইতি। ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা পাওয়া দেশটি এবার ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। তবে দলটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য, স্কোয়াডের অর্ধেকের বেশি ফুটবলারের জন্ম হাইতির বাইরে।
কোচ সেবাস্তিয়ান মিগনে ঘোষিত দলে মাত্র ১০ জন খেলোয়াড়ের জন্ম হাইতিতে। বাকি ১৬ জনের মধ্যে ১২ জনই জন্মেছেন ফ্রান্সে। এছাড়া দুজনের জন্ম যুক্তরাষ্ট্রে, একজন কানাডায় এবং একজন সুইজারল্যান্ডে। পরিবারিক সূত্রে নাগরিকত্ব পাওয়ার কারণে তারা হাইতির জার্সিতে খেলছেন। এরই মধ্যে প্রায় সবাই আন্তর্জাতিক ফুটবলে হাইতির হয়ে অভিষেকও সেরে ফেলেছেন।
আরেকটি বিস্ময়কর তথ্য হলো, বিশ্বকাপ দলে থাকা ২৬ জনের মধ্যে ২৫ জনই বিদেশি ক্লাবে খেলেন। হাইতির স্থানীয় লিগ থেকে সুযোগ পেয়েছেন কেবল মিডফিল্ডার উডেনস্কি পিয়ের। ২১ বছর বয়সি এই ফুটবলার খেলেন ভায়োলেট এসি'তে।
দলের বড় তারকাদের মধ্যে রয়েছেন উইলসন ইসিডোর, যিনি খেলেন ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডে। এছাড়া আছেন জিন-রিকনার বেলেগার্ড, বর্তমানে তিনি আরেক ইংলিশ ক্লাব উলভসের হয়ে খেলেন। রক্ষণভাগে আছেন কেটো থার্মোন্সি, যিনি খেলেন সুইজারল্যান্ডের ক্লাব ইয়ং বয়জে।

বিশ্বকাপের ‘সি’ গ্রুপে হাইতির প্রতিপক্ষ ব্রাজিল, মরক্কো এবং স্কটল্যান্ড। আগামী ১৩ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।
হাইতি বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: জনি প্লাসিড, আলেকজান্ডার পিয়ের, জসুয়া দুভার্জার।।
ডিফেন্ডার: কার্লেন্স আরকুস, উইলগেনস পগেইঁ, ডিউক ল্যাক্রোইক্স, মার্টিন এক্সপেরিয়েন্স, জঁ-কেভিন দুভার্ন, রিকার্দো আদে, হানেস ডেলক্রোয়ার্স, কেটো থার্মোন্সি।
মিডফিল্ডার: লেভারটন পিয়ের, কার্ল-ফ্রেড সেন্টে, ড্যানলি জিন-জ্যাকস, জিন-রিকনার বেলেগার্ড, উডেনস্কি পিয়ের, ডমিনিক সাইমন।
ফরোয়ার্ড: লুইসিয়াস ডিডসন, রুবেন প্রভিডেন্স, জসুয়া ক্যাসিমির, ডেরিক এতিয়েন, উইলসন ইসিডোর, ডুকেন্স নাজোন, ফ্রান্টজডি পিয়েরো, ইয়াসিন ফরচুন, লেনি জোসেফ।
আইকে/টিএ