১১ ম্যাচ পর ফিরেই চোটে আবারও পড়লেন পাথিরানা
ছবি: সংগৃহীত
০৫:১৩ পিএম | ১৭ মে, ২০২৬
১৮ কোটি রুপি দিয়ে শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পাওয়ায় আইপিএলের শুরু থেকে তাকে পাওয়া যায়নি।
প্রতিযোগিতার মাঝ পথে দলে যোগ দেওয়ার পরও প্রথম একাদশে খেলার মতো ফিট ছিলেন না। গতকাল শনিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে ৮ বল করার পর আবার চোট পেয়ে মাঠ ছাড়েন শ্রীলঙ্কার এই পেসার।
প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে না পারায় অবশেষে বৈভব অরোরাকে বাদ দিয়ে পাথিরানাকে সুযোগ দেয় কেকেআর টিম ম্যানেজমেন্ট। তাতে সমস্যার সমাধান হয়নি। বরং সমস্যা আরও বেড়েছে।
ইমপ্যাক্ট সাব হিসেবে শনিবার কেকেআরের হয়ে অভিষেক ম্যাচ খেলেন পাথিরানা। ১.২ ওভার বল করেছেন। তার মধ্যে দু’টি ওয়াইডসহ দিয়েছেন ৯ রান। নিজের অষ্টম বল করার পর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন পাথিরানা। অথচ কয়েক দিন আগে কেকেআরের সহকারী কোচ শেন ওয়াটসন জানিয়েছিলেন, পাথিরানার ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। চোট সারার পর পাথিরানা ফিটনেস পরীক্ষা দিয়েই আইপিএল খেলার ছাড়পত্র পেয়েছিলেন শ্রীলঙ্কা ক্রিকেটের কাছ থেকে। তার পর খেলতে নেমেই তিনি চোট পাওয়ায় হতাশ কেকেআর শিবির।

শনিবার প্রথম ওভার বল করার পরই অস্বস্তি অনুভব করছিলেন পাথিরানা। মাঠে এসে কেকেআরের ফিজিও তার তার সঙ্গে কথাও বলেন। তার পরও কিছুটা সমস্যা ছিল। সেটা নিয়েই দ্বিতীয় ওভার করতে যান। কিন্তু ২ বলের বেশি করতে পারেননি। মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পায়ের যে পেশিতে চোট পেয়েছিলেন, তাতেই নতুন করে সমস্যা দেখা দিয়েছে। লিগ পর্বের গুরুত্বপূর্ণ সময়ে পাথিরানার চোট সমস্যায় ফেলতে পারে রাহানেদের। পাথিরানার চোট কতটা গুরুতর, তা কেকেআর শিবির থেকে জানানো হয়নি।
আইকে/টিএ