স্কোয়াড ঘোষণার আগে নেইমারের প্রশংসায় ব্রাজিলিয়ান কোচ
ছবি: সংগৃহীত
০৯:২৭ পিএম | ১৭ মে, ২০২৬
আসন্ন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার ঠিক আগ মুহূর্তে নেইমার জুনিয়রকে নিয়ে নিজের নীরবতা ভাঙলেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমারের ফিটনেস ও মাঠের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন, সেলেসাওদের চূড়ান্ত ২৬ সদস্যের দলে বড় চমক হিসেবে থাকতে পারেন নেইমার।
ফুটবলপ্রেমীদের মধ্যে নেইমারকে নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছেন যে সেলেসাওদের ভেতরকার পরিবেশ একদম ভিন্ন। তিনি বলেন, ‘আমি খুব ভালো করেই জানি নেইমার শুধু সাধারণ মানুষের কাছেই নয়, দলের খেলোয়াড়দের কাছেও ভীষণ জনপ্রিয়। দলের পরিবেশের ওপর তার কী প্রভাব পড়বে, সেটাও আমাদের বিবেচনায় রাখতে হচ্ছে। নেইমারকে দলে রাখলে ড্রেসিংরুম কোনোভাবে অশান্ত হবে না। সে সবার খুব প্রিয়।’

নেইমারকে দলে নেওয়ার জন্য কোনো মহল থেকে তার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, ‘নেইমারকে দলে নেওয়ার জন্য আমাকে কেউ চাপ দেয়নি। এই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা আমার আছে। সিদ্ধান্তটি ১০০ ভাগ পেশাদারি হবে। একজন ফুটবলার হিসেবে সে মাঠে কেমন পারফর্ম করছে, কেবল সেটাই আমি বিবেচনায় নেব, অন্য কিছু নয়।’
এদিকে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল’র একটি প্রতিবেদন ফুটবল বিশ্বে আলোড়ন তৈরি করেছে। সান্তোস ক্লাবের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, ‘সান্তোস ইতোমধ্যেই নিশ্চিত তথ্য পেয়েছে যে, সোমবার আনচেলত্তির ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে থাকছে নেইমারের নাম।’
তাছাড়া তরুণ ফরোয়ার্ড এসতেভাওয়ের ইনজুরির পর আক্রমণভাগে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণে নেইমারের চেয়ে বড় নাম এই মুহূর্তে ব্রাজিলে নেই। আনচেলত্তি যদি এই নেইমারকে মাঠে কাজে লাগাতে পারেন, তবে তা হবে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় স্বস্তি।
আইকে/টিএ