হামজাদের কোচ নিয়োগ নিয়ে কি বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী?
ছবি: সংগৃহীত
১০:১৮ পিএম | ১৭ মে, ২০২৬
কে হচ্ছেন হামজা-শমিতদের নতুন হেড কোচ— এ নিয়ে জল্পনা-কল্পনার যেন কোনো শেষ নেই। সম্প্রতি ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানকে নিয়েও আলোচনা নেহাতি কম হয়নি। তবে আলোচনা হলেও এখনও পর্যন্ত নতুন কোচের নাম ঘোষণা করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সবশেষ কথা ছিল, ১৫ মে কোচের নাম ঘোষণা করা হবে। তবে সে ডেডলাইনও পার হয়ে গেছে।
রোববার (১৭ মে) জাতীয় স্টেডিয়ামে ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস উদ্বোধন করতে এসেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানেও ঘুরেফিরে সেই কোচের প্রসঙ্গ। এ বিষয়ে অবশ্য সাংবাদিকদের কথাও বলেছেন আমিনুল হক।
আরও পড়ুন: ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা
আমিনুল বলেন, ‘আমাদের পরবর্তী কোচ কে হতে যাচ্ছে, তা নিশ্চিত করতে আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। কোলম্যানের বিষয়ে সার্বিকভাবে ইতিমধ্যে ফেডারেশন যে সহযোগিতা চেয়েছে, সেই সহযোগিতা প্রদান করার জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং ইতিমধ্যে সেই সম্মতি জ্ঞাপন করেছি।’
তবে নিয়োগ চূড়ান্ত হতে কিছুটা সময় লাগার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘বাফুফে প্রেসিডেন্টের সাথে কথা বলে শুনলাম যে কোলম্যানের এজেন্টের সাথে বোধ হয় এখনো পর্যন্ত তাদের যেই বোঝাপড়াটা রয়েছে, সেটা এখনো শেষ হয়নি। তো সেটা শেষ না হওয়া পর্যন্ত আসলে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে যে আসলে কোলম্যানকে শেষ পর্যন্ত আমরা পাব কি না।’
তবে কোনো কারণে যদি ক্রিস কোলম্যানকে না পাওয়া যায়, সেক্ষেত্রে বিকল্প পরিকল্পনার কথাও জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ‘যদি কোলম্যানকে না পাই, তাহলে আমাদের সেকেন্ড চয়েজ (দ্বিতীয় পছন্দ) আছে, তাকে নিশ্চিত করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া রয়েছে। ইতিমধ্যে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।’
তিনি আরও বলেন, ‘আমি তো চাই যে আগামীকালের ভেতরে হয়ে যাক। বাফুফে সরাসরি বিষয়টি নিয়ে কথা বলছে। সেই আলোচনাটা শেষ হলেই আমরা আসলে অফিশিয়ালি এটা (কোচের নাম) ঘোষণা করব।’
এসএন