তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন কোন কোন ক্রিকেটার?
ছবি: সংগৃহীত
০৬:৪৬ এএম | ১৮ মে, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত এই কাউন্সিলর তালিকায় বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদসহ দেশের একঝাঁক সাবেক ক্রিকেটার স্থান পেয়েছেন।
গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার পর বিসিবিতে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল, যার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তামিম। আগামী ৭ জুন বিসিবির এই বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিসিবির অ্যাডহক কমিটির বর্তমান সভাপতি তামিম নির্বাচনে কাউন্সিলর হয়েছেন ক্লাব কোটায়। তিনি ‘ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব’ থেকে ভোটার হয়েছেন। মাহমুদউল্লাহ রিয়াদ ভোটার তালিকায় স্থান পেয়েছেন ‘সাবেক অধিনায়ক’ ক্যাটাগরিতে। এই তালিকায় আছেন শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন লিপু, হাবিবুল বাশার সুমন, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ এবং খালেদ মাহমুদ সুজন।
এছাড়া সাবেক ক্রিকেটারদের মধ্য থেকে আরও ভোটার হয়েছেন নাজিম উদ্দিন, নাফিস ইকবাল, শামসুর রহমান শুভ, তালহা জুবায়ের, নাঈম ইসলাম, সৈয়দ রাসেল, নাদিফ চৌধুরী, নাজমুল হোসেন, ডলার মাহমুদ ও মাজহার উদ্দিন।

উল্লেখ্য, সাবেক ক্রিকেটারদের এই তালিকায় থাকা হাবিবুল বাশার সুমন, নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী বর্তমানে বিসিবির নির্বাচক প্যানেলে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হওয়ার পর চলতি বছরের মার্চ মাসে প্রধান নির্বাচকের দায়িত্ব পান হাবিবুল বাশার সুমন। অন্যদিকে, বিসিবির বর্তমান টুর্নামেন্ট কমিটির প্রধান ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ভোটার হয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে।
ক্রিকেটারদের বাইরে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড থেকে কাউন্সিলর হয়েছেন ফাহিম সিনহা, যিনি বর্তমানে অ্যাডহক কমিটির গেম ডেভেলপমেন্ট ও বিপিএল কমিটির প্রধান। আজাদ স্পোর্টিং ক্লাব ও এক্সিউম ক্রিকেটার্স থেকে ভোটার হয়েছেন মির্জা ইয়াসির আব্বাস ও ইসরাফিল খসরু। বিসিবির অর্থ ও কল্যাণ বিভাগের প্রধান ইসরাফিল খসরু এবং ফিন্যান্স ও লজিস্টিকসে আছেন মির্জা ইয়াসির।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভোটার তালিকার ওপর ভিত্তি করেই আগামী ৭ জুনের নির্বাচনে নতুন পরিচালনা পর্ষদ নির্ধারণে ভোট দেবেন কাউন্সিলররা।
এসকে/টিএ