‘অ্যাভাটার’ ফ্রাঞ্চাইজি নিয়ে নতুন পরিকল্পনার কথা জানলেন জেমস ক্যামেরুন
ছবি: সংগৃহীত
১২:০৭ পিএম | ১৮ মে, ২০২৬
হলিউডের জনপ্রিয় বিজ্ঞানভিত্তিক ফ্রাঞ্চাইজি ‘অ্যাভাটার’ ভবিষ্যতে কীভাবে এগোবে এ নিয়ে নতুন তথ্য দিলেন পরিচালক জেমস ক্যামেরুন। তিনি জানিয়েছেন, সিরিজের পরবর্তী অংশগুলো আরও দ্রুত সময়ে এবং কম খরচে তৈরি করার পরিকল্পনা করছেন।
জেমস ক্যামেরুন জানিয়েছেন, তিনি বর্তমানে একাধিক প্রজেক্টে কাজ করছেন এবং একই সঙ্গে ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী দুইটি সিনেমা ‘অ্যাভাটার ফোর’ ও ‘অ্যাভাটার ফাইভ’ নিয়েও কাজ চালিয়ে যাচ্ছেন। তবে তিনি স্বীকার করেছেন, এত বড় বাজেট ও প্রযুক্তিনির্ভর সিনেমা তৈরি করা এখন আগের চেয়ে অনেক বেশি সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল হয়ে উঠেছে।
পরিচালক জানিয়েছেন, ভবিষ্যতের সিনেমাগুলো তৈরিতে নতুন প্রযুক্তি ব্যবহার করে প্রোডাকশন আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, অর্ধেক সময়ে এবং বর্তমান খরচের প্রায় দুই-তৃতীয়াংশে সিনেমা তৈরি করা। তবে এটি সহজ নয়, কারণ পুরো প্রোডাকশন সিস্টেম নতুনভাবে সাজাতে হবে।

ক্যামেরুন বলেন, ভবিষ্যতে তিনি এমন প্রযুক্তি খুঁজছেন যা বড় আকারের ভিএফএক্স-নির্ভর সিনেমা দ্রুত ও সহজভাবে তৈরি করতে সাহায্য করবে। এজন্য অন্তত এক বছর সময় লাগতে পারে পরিকল্পনা ঠিক করতে। এই সময়ের মধ্যে তিনি লেখালেখি ও অন্যান্য নতুন প্রজেক্টে মনোযোগ দেবেন বলেও জানিয়েছেন।
এর আগে ক্যামেরুন ইঙ্গিত দিয়েছিলেন, ‘অ্যাভাটার’ গল্প এখানেই শেষ নাও হতে পারে। তবে এটি নির্ভর করছে প্রতিটি সিনেমার বাণিজ্যিক সাফল্যের ওপর। তিনি আরও বলেন, পুরো গল্পের পরবর্তী অংশ এগোবে কি না এটা এখনই নিশ্চিত নয়।
শুধু সিনেমা নয়, জেমস ক্যামেরুন ‘প্যান্ডোরা’ জগতকে বই আকারেও প্রকাশ করার আগ্রহ প্রকাশ করেছেন। তার মতে, এতে গল্পের একটি স্থায়ী নথি তৈরি হবে, যা ভক্তদের জন্য আলাদা অভিজ্ঞতা হতে পারে। ‘অ্যাভাটার’ সিরিজের ভবিষ্যৎ নিয়ে এই নতুন পরিকল্পনা ভক্তদের মধ্যে আবারও কৌতূহল তৈরি করেছে।
পিআর/টিকে