‘ব্রেকিং ব্যাড’ খ্যাত অভিনেতা আর জে মিটি আর নেই
ছবি: সংগৃহীত
১১:১৭ এএম | ১৩ অক্টোবর, ২০২৬
জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইটের ছেলের চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা আর জে মিটে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর।
সেরিব্রাল পালসিতে আক্রান্ত হয়েও অভিনয় ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে কাজের মাধ্যমে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন তিনি। বিবিসিকে দেয়া এক বিবৃতিতে অভিনেতার প্রতিনিধি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়, ‘প্রিয় অভিনেতা, সমাজসেবী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের পক্ষে সোচ্চার কর্মী আর জে মিটের মর্মান্তিক প্রয়াণের খবর গভীর শোকের সঙ্গে জানাচ্ছি।’
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে মারা যান এই অভিনেতা। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি। ‘ব্রেকিং ব্যাড’ সিরিজে ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয়ের সময় নিজের জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছিলেন মিটে। সিরিজটিতে তার বাবা ওয়াল্টার হোয়াইটের চরিত্রে অভিনয় করেন ব্রায়ান ক্র্যানস্টন। আর অ্যারন পল অভিনয় করেন জেসি পিংকম্যানের ভূমিকায়।
এমি অ্যাওয়ার্ডজয়ী এই সিরিজে, অভিনয়ের জন্য, ২০১৪ সালে, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডও অর্জন করেন মিটে। অভিনেতার প্রতিনিধি শন রেইলি বিবিসিকে বলেন, ‘ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে আর জে মিটে বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন ঘটিয়েছিলেন। একই সঙ্গে, প্রতিবন্ধিতা সম্পর্কে সচেতনতা তৈরি এবং সমাজে অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলেন তিনি।’
অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও কল্যাণেও সক্রিয় ছিলেন মিটে। ইউনাইটেড সেরিব্রাল পালসি এবং শ্রাইনার্স চিলড্রেনসের দূত হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
এছাড়া জনকল্যাণমূলক উদ্যোগ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহায়তা দিতে ‘দ্য মিটে ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন এই অভিনেতা। রেইলির ভাষ্য, নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে প্রচলিত ভুল ধারণা ভাঙা এবং বিনোদনজগৎসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করেছেন মিটে।
ব্রাউনসভিল পুলিশ বিভাগও বিবিসিকে দেয়া এক বিবৃতিতে মিটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, তার মৃত্যুর কারণ ও ধরন এখনো নির্ধারণ করা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা সন্দেহ করা হচ্ছে না।
অ্যাসোসিয়েটেড প্রেসকে ক্যামেরন কাউন্টির জাস্টিস অব দ্য পিস সিন্ডি হিনোজোসা জানান, ১২ অক্টোবর অভিনেতাকে মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, নিজের বাসভবনেই তার মৃত্যু হয়েছিল। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্ত করা হবে বলেও জানান তিনি।
‘ব্রেকিং ব্যাড’ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি
২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত, যুক্তরাষ্ট্রের কেবল টেলিভিশন চ্যানেল এএমসিতে ৫টি সিজন প্রচারিত হয় ‘ব্রেকিং ব্যাড’।
সিরিজটি প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মোট ৫৮টি মনোনয়ন পায় এবং ১৬টি পুরস্কার জেতে। এর মধ্যে ২০১৩ ও ২০১৪ সালে দুবার সেরা ড্রামা সিরিজের পুরস্কার অর্জন করে ‘ব্রেকিং ব্যাড’।
এসএ/এসএন