২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
১২:২৩ পিএম | ১৮ মে, ২০২৬
পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টেও বাংলাদেশ দাপট দেখাচ্ছে। দ্বিতীয় দিনেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল তারা। ৪৬ রানের লিড পায় স্বাগতিকরা। দিন শেষ করেছিল ৩ উইকেটে ১১০ রানে। আজ (সোমবার) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে সেই লিড বেড়ে ২৪৯ রান। লিটন দাস হাফ সেঞ্চুরি থেকে ২ রান দূরে। ৪৮ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গেছেন তিনি। বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ২০৩ রান। মুশফিকুর রহিম ৩৯ রানে অপরাজিত আছেন।
১৫৬ রানের লিড নিয়ে আজ (সোমবার) তৃতীয় দিন খেলতে নামে বাংলাদেশ। আগের দিন মুমিনুল হক মাঠ ছাড়তেই দিনের শেষ ঘোষণা করা হয়েছিল। ১৩ রানে অপরাজিত থাকা নাজমুল হোসেন শান্তর সঙ্গে ক্রিজে নামেন মুশফিকুর রহিম।
দিনের পঞ্চম ওভারে বাংলাদেশ উইকেট হারায়। শান্ত ৪৬ বলে ১৫ রান করে খুররম শাহজাদের কাছে এলবিডব্লিউ হন। রিভিউ নিয়েও টিকতে পারেননি অধিনায়ক। ক্রিজে নামেন লিটন দাস। ৪১তম ওভারের তৃতীয় বলে তার সিঙ্গেলে বাংলাদেশ লিড নেয় ২০০ রানের। দুজনে মিলে ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম সেশন শেষ করেছেন।
আগের দিন ৪৬ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ তামিমকে হারায় বাংলাদেশ। অভিষিক্ত এই ওপেনার বাউন্ডারিতে রানের খাতা খুললেও সেটাই ছিল তার ইনিংসের প্রথম এবং একমাত্র স্কোরিং শট। ৭ বল খেলে ৪ রানে ফিরেছেন তিনি।
শুরুর সেই ধাক্কা দারুণভাবে সামাল দেন মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয়। বিশেষ করে জয় এদিন দারুণ ব্যাটিং করেছেন। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন এই ওপেনার। পেয়েছেন ফিফটির দেখাও। ৬১ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। তবে ফিফটির পরপরই সাজঘরে ফিরেছেন। সবমিলিয়ে ৬৪ বলে করেছেন ৫২ রান।
শেষ বিকেলে মুমিনুলকে হারায় বাংলাদেশ। দারুণ শুরু করা এই ব্যাটার আরও একবার ফিফটির পথে হাঁটছিলেন। তবে এবার থামতে হলো তার আগেই। ৬০ বলে করেছেন ৩০ রান। মুমিনুলের আউটের পরপরই দিনের খেলা শেষ করেন আম্পায়াররা।
দ্বিতীয় দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেট হারিয়ে ১১০ রান। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ২৭৮ রান, আর পাকিস্তান করেছে ২৩২ রান।
এবি/টিএ