ঈদে আসছে পার্থ-তটিনীর ‘অমর প্রেম’
ছবি: সংগৃহীত
১২:৩৬ পিএম | ১৮ মে, ২০২৬
দুই গ্রামের দুই প্রভাবশালী পরিবারের ক্ষমতার লড়াই এবং তাদের ছেলে-মেয়ের প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘অমর প্রেম’। আসন্ন ঈদ উৎসবের বিশেষ চমক হিসেবে নাটকটি মুক্তি পেতে যাচ্ছে।
এতে প্রধান দুটি চরিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী ও অভিনেতা পার্থ শেখ। সিএমভি’র ব্যানারে নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন এবং চিত্রনাট্য লিখেছেন শাহরিয়ার সজীব।
নাটকের গল্পে দেখা যাবে, আত্রাই নদীর দুই পাড়ে অবস্থিত মির্জাপুর ও শাহজাহানপুর নামের দুটি গ্রাম। মির্জাপুরের সর্বেসর্বা বাহাদুর মির্জা এবং শাহজাহানপুরের প্রধান কর্তা শাহজাহান খান।

নিজেদের ক্ষমতা প্রমাণ করতে এই দুই গ্রাম সবসময় একে অপরের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করে। এরই মধ্যে এক বিয়েবাড়িতে বাহাদুর মির্জার ছেলে পার্থর সঙ্গে শাহজাহান খানের মেয়ে রাইসার পরিচয় হয়। সেখান থেকেই শুরু হয় তাদের গভীর প্রেম, যা পরবর্তীতে রূপ নেয় এক ভয়ংকর ক্ষমতার লড়াইয়ে।
নাটকটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে।
নিজের কাজ নিয়ে আশাবাদী নির্মাতা জাহিদুল ইসলাম সুজন বলেন, ‘এই নাটকের গল্পে অন্যরকম আবেগ আর চরিত্রগুলোর মধ্যে আলাদা অনুভূতি রয়েছে, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে। পুরো টিম খুব আন্তরিকভাবে কাজটি করেছে। বিশেষ করে তটিনী ও পার্থ আমাকে ভীষণ সাপোর্ট দিয়েছেন।’ উল্লেখ্য, অভিনেত্রী তটিনীর সঙ্গে এটি এই নির্মাতার তৃতীয় কাজ।
নাটকটিতে পার্থ শেখ ও তটিনী ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শতাব্দী ওয়াদুদ, লুৎফর রহমান জর্জ এবং রাশেদ মামুন অপুসহ আরো অনেকে।
নাটকটির চিত্রগ্রহণে ছিলেন নাঈম ফুয়াদ। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, ঈদ উৎসবের বিশেষ আয়োজন হিসেবে সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘অমর প্রেম’ নাটকটি প্রকাশ করা হবে।
পিআর/টিকে