© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারকাদের ‘রাইট হ্যান্ড’ হয়েই কোটিপতি, চমকে দেবে এই পাঁচ নাম

শেয়ার করুন:
তারকাদের ‘রাইট হ্যান্ড’ হয়েই কোটিপতি, চমকে দেবে এই পাঁচ নাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৩ পিএম | ১৮ মে, ২০২৬
বলিউডের তারকারা আলোয় থাকেন ঠিকই, তবে সেই আলোকে ঘিরে নেপথ্যে কাজ করেন আরও কিছু মানুষ। দিনের সূচি থেকে শুরু করে চুক্তি, প্রচার, বিদেশ সফর কিংবা ব্যক্তিগত ব্যস্ততা সবকিছুর কেন্দ্রেই থাকেন এই আপ্তসহায়কেরা। অনেক সময় তারকাদের সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষও হয়ে ওঠেন তাঁরাই। আর সেই দায়িত্ব সামলাতে গিয়েই কেউ কেউ গড়ে তুলেছেন কোটি টাকার সাম্রাজ্য।

এই তালিকায় সবার ওপরে রয়েছেন শাহরুখ খানের দীর্ঘদিনের সহযোগী পূজা দাদলানি। ২০১২ সাল থেকে শাহরুখের সঙ্গে কাজ করছেন তিনি। শুধু ব্যবস্থাপক হিসেবেই নয়, শাহরুখ অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন পূজা। বলিউডে শাহরুখের প্রায় সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নেপথ্যে তাঁর নামই ঘোরাফেরা করে। জানা যায়, বছরে প্রায় সাত থেকে নয় কোটি টাকা আয় করেন তিনি। ফলে বলিউডের সবচেয়ে ধনী আপ্তসহায়কদের তালিকায় তিনিই শীর্ষে।



এই তালিকায় রয়েছেন সালমান খানের ঘনিষ্ঠ সহযোগী জর্ডি পটেলও। এক দশকের বেশি সময় ধরে সালমানের পাশে রয়েছেন তিনি। শুধু পেশাগত সম্পর্ক নয়, ব্যক্তিগত জীবনেও সালমানের অত্যন্ত আস্থাভাজন জর্ডি। ব্যবস্থাপনার পাশাপাশি নিজের ব্যবসা ও প্রযোজনার কাজও চালিয়ে যাচ্ছেন তিনি। জানা গেছে, তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় চল্লিশ কোটি টাকা।



প্রিয়ঙ্কা চোপড়ার আন্তর্জাতিক ক্যারিয়ারের পেছনেও রয়েছে এক নারীর বড় অবদান। তিনি অঞ্জলি আচার্য। যখন প্রিয়ঙ্কাকে নিয়ে হলিউডে কাজ করার পরিকল্পনা করেছিলেন, তখন অনেকেই সেটিকে অসম্ভব বলেছিলেন। কিন্তু সমালোচনাকে উপেক্ষা করে এগিয়ে গিয়েছিলেন অঞ্জুলা। পরে সেই সিদ্ধান্তই বদলে দেয় প্রিয়াঙ্কার ক্যারিয়ারের মোড়। বর্তমানে তাঁর বার্ষিক আয় প্রায় ছয় কোটি টাকা বলে জানা যায়।



রণবীর সিং-এর প্রাক্তন আপ্তসহায়ক সুস্যান রডরিগেজও রয়েছেন এই তালিকায়। একসময় যশরাজ ফিল্মসের তারকা ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন তিনি। পরে রণবীরের ব্যক্তিগত ব্যবস্থাপনার দায়িত্ব নেন। জানা যায়, সেই সময় বছরে প্রায় দুই কোটি টাকা আয় করতেন সুসান।



কারিনা কাপুরের দীর্ঘদিনের সহযোগী পুনম দামানিয়ার নামও উঠে এসেছে আলোচনায়। প্রায় এক দশক কারিনার কাজ ও প্রচারের দায়িত্ব সামলেছেন তিনি। পরে তাঁদের পথ আলাদা হয়ে গেলেও বলিউডে পুনমের প্রভাব এখনও উল্লেখযোগ্য। শোনা যায়, করিনার সঙ্গে কাজ করার সময় বছরে প্রায় তিন কোটি টাকা পারিশ্রমিক পেতেন তিনি।



তারকাদের ঝলমলে জীবনের আড়ালে থাকা এই মানুষগুলিই আসলে অনেক সিদ্ধান্তের নীরব নিয়ন্ত্রক। ক্যামেরার সামনে না থাকলেও বলিউডের অন্দরমহলে তাঁদের গুরুত্ব কোনও অংশেই কম নয়।

পিআর/টিকে

মন্তব্য করুন