© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দল ঘোষণার ঠিক আগে ইনজুরি, মুখ খুললেন নেইমার

শেয়ার করুন:
দল ঘোষণার ঠিক আগে ইনজুরি, মুখ খুললেন নেইমার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৮ পিএম | ১৮ মে, ২০২৬
বিশ্বকাপ দল এখনও ঘোষণা করেনি ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তি আজ রাতের মধ্যেই দল ঘোষণা করতে পারেন। তবে ঠিক এই দিনেই নেইমার চোট নিয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন, যা রীতিমতো শঙ্কা জাগিয়েছিল ব্রাজিলে।

কুরিতিবার বিপক্ষে ৩-০ গোলে হারের ম্যাচে নেইমার চোট নিয়ে মাঠের বাইরে চলে যান। তবে সেবা নিয়ে কিছুক্ষণ পরই ফিরে আসেন মাঠে। এরই মধ্যে অবিশ্বাস্য এক ভুল করে বসেন রেফারি। নেইমারকে মাঠ থেকে উঠে যাওয়ার ঘোষণা দেন তিনি।
পুরো বিষয়টির মূলে আছে একটি মারাত্মক ভুল। চতুর্থ অফিসিয়াল বদলির বোর্ডে ১০ নম্বর দেখান, যার মানে তাকে উঠে যেতে হবে। মূলত সতীর্থ ২১ নম্বর জার্সিধারী গনজালো এস্কোবারকে তুলে নেওয়ার কথা জানিয়েছিলেন সান্তোস কোচ। ভুল বোঝাবুঝির কারণে ১০ নম্বর জার্সিধারী নেইমারকে তুলে দেন চতুর্থ অফিসিয়াল। বদলে নামেন রবিনিও জুনিয়র।

এরপর নেইমার অনুমতি ছাড়াই মাঠে ঢুকে পড়লে তাকে হলুদ কার্ড দেখানো হয়। বিষয়টি নিয়ে বেশ বাকবিতণ্ডা হয়েছে এরপর। এমনকি বদলির কাগজটা টিভি ক্যামেরার সামনেও তুলে ধরেন। তাতে অবশ্য লাভ হয়নি। তাকে মাঠ ছাড়তে হয় পরে।
এই ঘটনার সূত্রপাত যেখান থেকে হলো, তা একটা ইনজুরি। তবে সেটা গুরুতর কিছু নয় বলে জানিয়েছেন নেইমার। তিনি বলেন, ‘শারীরিকভাবে আমি দারুণ অনুভব করছি। প্রতিটি ম্যাচে আমি আরও ভালো হচ্ছি।’

চোট থেকে ফেরার পথটা সহজ ছিল না বলে স্বীকার করেন এই তারকা। তিনি বলেন, ‘আমি আমার সর্বোচ্চটা দিয়েছি। সহজ ছিল না, মানি। একদমই সহজ ছিল না। বছরের পর বছর কঠোর পরিশ্রম করতে হয়েছে। আর অনেক বাজে কথাও শুনতে হয়েছে। আমার শরীর নিয়ে, আমি কী করছি তা নিয়ে মানুষ অনেক বাজে কথা বলেছে। এটা সত্যিই দুঃখজনক।’

নিজের সংগ্রামের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নেইমার। তিনি বলেন, ‘আমি চুপচাপ, ঘরে বসে কঠোর পরিশ্রম করেছি। মানুষ যা বলছিল তা শুনে কষ্ট পেয়েছি। কিন্তু শেষ পর্যন্ত সব ঠিক হয়ে গেছে। আমি যেখানে যেতে চেয়েছিলাম সেখানে পৌঁছে গেছি। আমার পারফরম্যান্সে, আমি এ পর্যন্ত যা করেছি সবকিছুতে আমি খুশি। যা-ই হোক, আনচেলত্তি এই লড়াইয়ের জন্য সেরা ২৬ জনকেই ডাকবেন।’

২০২৩ সালের পর থেকে চোটের কারণে ব্রাজিলের হয়ে আর খেলেননি নেইমার। হাঁটুর অস্ত্রোপচারের কারণে এক বছর মাঠের বাইরে ছিলেন। কোচ আনচেলত্তি আগেই বলেছিলেন, নেইমারকে পুরোপুরি ফিট থাকতে হবে এবং ভালো খেলতে হবে, তাহলেই বিশ্বকাপ দলে তার জায়গা হবে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকায় বিশ্বকাপ হবে। ব্রাজিল গ্রুপ সি-তে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জেতার স্বপ্ন নিয়ে মাঠে নামবে ব্রাজিল।

এবি/টিএ

মন্তব্য করুন