কার্তিককে ভুলে ক্রিকেটারের প্রেমে শ্রীলীলা?
ছবি: সংগৃহীত
০২:২৭ পিএম | ১৮ মে, ২০২৬
দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার ব্যক্তিগত জীবন নিয়ে ফের শুরু হয়েছে জোর আলোচনা। অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেমের গুঞ্জন থামতে না থামতেই এবার তার নাম জড়িয়েছে ভারতীয় ক্রিকেটার তিলক বর্মার সঙ্গে।
সামাজিক মাধ্যমে এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
সম্প্রতি একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে কানে এয়ারপড লাগিয়ে হাঁটতে দেখা যায় তিলক বর্মাকে। পাশে থাকা ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব মজার ছলে বলেন, ‘ও প্রেমে পড়েছে।
’ যদিও ভিডিওটি পুরোনো, তবু সেটিকে ঘিরেই নতুন করে শুরু হয়েছে আলোচনা।

এরপর থেকেই নেটিজেনরা নানা ঘটনা জুড়ে সম্পর্কের ইঙ্গিত খুঁজতে শুরু করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলীলা খেলা দেখতে গিয়েছিলেন বলেও দাবি ওঠে।
আরো আলোচনা বাড়ে যখন অনেকে জানান, তার টিমের এক সদস্যকে নাকি তিলকের নাম লেখা জার্সি পরে দেখা গিয়েছিল।
শুধু তাই নয়, গত বছরের বৈকুণ্ঠ একাদশীর সময় শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন শ্রীলীলা। একই সময়ে সেখানে উপস্থিত ছিলেন তিলক বর্মাও। সেই ঘটনাও নতুন করে সামনে আনছেন নেটিজেনরা।
আইপিএলের সময় আবারও এই গুঞ্জন মাথাচাড়া দেয়। জানা যায়, ধরমশালায় মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন শ্রীলীলার মা ডা. স্বর্ণলতা।
এরপর থেকেই সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে।
তবে পুরো বিষয়টি এখনো কেবল গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ। শ্রীলীলা কিংবা তিলক কেউই এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
বরং শোনা যাচ্ছে, আলোচনা বাড়তেই তারা সামাজিক মাধ্যমে একে অপরকে আনফলো করেছেন। ভাইরাল হওয়া ভিডিওটিও পরে সরিয়ে ফেলা হয়েছে।
তরুণ প্রজন্মের কাছে এখন দু’জনই বেশ জনপ্রিয়। একদিকে তিলক বর্মা ভারতের টি-টোয়েন্টি দলের নির্ভরযোগ্য ব্যাটার, অন্যদিকে ‘কিসিক’ গানের পর শ্রীলীলা অনেকেরই পছন্দের তারকায় পরিণত হয়েছেন। ফলে তাদের নিয়ে ভক্তদের আগ্রহও স্বাভাবিকভাবেই বেশি।
তবে নেটিজেনদের একাংশ আবার এই প্রেমের গুঞ্জনকে বাড়াবাড়ি বলেই মনে করছেন। তাদের মতে, কোনো অভিনেত্রী ক্রিকেট ম্যাচ দেখতে গেলেই সম্পর্কের গুঞ্জন তৈরি হওয়া ঠিক নয়। উদাহরণ হিসেবে তারা অভিনেত্রী শ্রুতি হাসানের কথাও উল্লেখ করছেন, যিনি বহুবার চেন্নাই সুপার কিংসের ম্যাচ দেখতে গিয়েছেন।
অন্যদিকে কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন শ্রীলীলা। খুব শিগগিরই তাকে পরিচালক অনুরাগ বসুর নতুন রোমান্টিক ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে।
এদিকে তিলক বর্মাও সম্প্রতি অন্য একটি ঘটনায় আলোচনায় ছিলেন। ভারতীয় পেসার অর্শদীপ সিং মজার ছলে তাকে ‘আন্ধেরা’ বলে ডাকায় সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি হয়। পরে ব্যাট হাতে জবাব দেন তিলক। ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জেতানোর পর তিনি একটি ভিডিও পোস্ট করেন। সেখানে ব্যবহার করা হয় অরিজিৎ সিংয়ের জনপ্রিয় গান ‘চান্না মেরেয়া’র লাইন ‘আন্ধেরা তেরা মেনে লে লিয়া।’
তবে শেষ পর্যন্ত শ্রীলীলা ও তিলকের সম্পর্ক সত্যিই প্রেমে গড়িয়েছে কি না, সেটার উত্তর এখনও অজানা। আপাতত সামাজিক মাধ্যমে গুঞ্জনই চলছে জোরেশোরে।
পিআর/টিকে