সংসার চালাতে নিজের ১০ কোটি টাকার ‘স্বপ্ন’ বিক্রি করেন অনুরাগ!
ছবি: সংগৃহীত
০২:৪৬ পিএম | ১৮ মে, ২০২৬
একসময় যে গ্যারেজ ছিল তাঁর গর্ব, আজ সেখানে দাঁড়িয়ে যেন নিজের ভাঙা স্বপ্নের গল্পই শুনালেন অনুরাগ ডোভাল। কোটি কোটি টাকার বিলাসবহুল বাইকের সংগ্রহ, ঝকঝকে আলোয় সাজানো স্বপ্নের সেই জায়গা এখন প্রায় ফাঁকা। আর্থিক অনটনের কাছে হার মেনে একে একে বিক্রি করে দিতে হয়েছে প্রিয় বাইকগুলো।
‘বিগ বস্’ খ্যাত অনুরাগের জীবনে গত কয়েক মাস যেন ঝড়ের মতো কেটেছে। মানসিক অবসাদ, দুর্ঘটনা, সংসারের চাপ সব মিলিয়ে কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন তিনি। সম্প্রতি নিজের ভ্লগে সেই কঠিন বাস্তবের কথাই তুলে ধরলেন অনুরাগ।
ভিডিওতে দেখা যায়, প্রায় খালি হয়ে যাওয়া গ্যারেজে দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে কথা বলছেন তিনি। অনুরাগ জানান, একসময় প্রায় ১০ কোটি টাকার বাইকের সংগ্রহ তৈরি করেছিলেন। সেটাই ছিল তাঁর সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু সংসার টিকিয়ে রাখতে এবং আর্থিক সঙ্কট সামলাতে শেষ পর্যন্ত সেই স্বপ্নই বিক্রি করে দিতে হয়েছে তাঁকে।
অনুরাগের কথায়, গত বছর বাধ্য হয়েই বেশিরভাগ বাইক বিক্রি করে দেন তিনি। এখন হাতে রয়েছে মাত্র দুটি বাইক। প্রতিদিন অর্থকষ্টের সঙ্গে লড়াই করতে হয়েছে তাঁকে। এমনকি যে গ্যারেজে এত দিনের স্বপ্ন সাজিয়েছিলেন, সেটিও তাঁর নিজের নামে ছিল না। ফলে একসময় সেখানে বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।
কয়েক মাস আগেই সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচারের সময় আত্মহত্যার চেষ্টা করেছিলেন অনুরাগ। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত সুস্থ হয়ে ফিরেছেন তিনি। সেই ঘটনার পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও নানা জল্পনা ছড়ায়। শোনা যায়, স্ত্রী ঋতিকা নাকি তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। যদিও পরে হাসপাতালে অনুরাগের পাশেই দেখা যায় তাঁকে।

সব বিতর্কের মধ্যেই গত ২৭ মার্চ প্রথম সন্তানের বাবা হয়েছেন অনুরাগ। জীবনের কঠিন সময় পেরিয়ে এখন আবার নতুন করে সব গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। দেহরাদূনে নতুন থাকার জায়গাও খুঁজছেন।
গ্যারেজ ছাড়ার মুহূর্তের কথা বলতে গিয়ে আবেগ চেপে রাখতে পারেননি অনুরাগ। তাঁর কথায়, সব হারালেও আবার নতুন করে শুরু করার চেষ্টা করবেন তিনি। ভেঙে যাওয়া স্বপ্নের ধ্বংসস্তূপের মধ্যেই যেন নতুন লড়াইয়ের ইঙ্গিত দিলেন এই তারকা।
পিআর/টিকে