তাড়াহুড়োয় নেওয়া সিদ্ধান্ত ভুলই হয়: সারা আলি খান
ছবি: সংগৃহীত
০৩:২১ পিএম | ১৮ মে, ২০২৬
বলিউডে পা রাখার পর থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে বারবার আলোচনায় এসেছেন সারা আলি খান। কখনও কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্ক, কখনও পুরোনো প্রেমে ফেরার জল্পনা, আবার কখনও রাজনৈতিক পরিবারের ছেলের সঙ্গে ঘনিষ্ঠতা সব মিলিয়ে তাঁর প্রেমজীবন নিয়ে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের। তবে এত কিছুর পরেও বিয়ে নিয়ে এখনই কোনও তাড়াহুড়ো করতে নারাজ অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সম্পর্ক, বিচ্ছেদ এবং বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন সারা। অভিনেত্রীর মতে, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কখনও তাড়াহুড়ো করে নেওয়া উচিত নয়। কারণ, দ্রুত নেওয়া সিদ্ধান্ত অনেক সময় ভুল প্রমাণিত হয়।

খুব অল্প বয়সেই বাবা সাইফ আলি খান ও মা অমৃতা সিংহের বিচ্ছেদ দেখেছেন সারা। পরিবারের সেই অভিজ্ঞতা তাঁর জীবনের ভাবনায় গভীর প্রভাব ফেলেছে বলেই মনে করেন অনেকে। শুধু পরিবার নয়, নিজের জীবনেও একাধিক সম্পর্ক ভাঙার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে।
অভিনয়ে আসার আগেই প্রকাশ্যে কার্তিক আরিয়ানের প্রতি পছন্দের কথা জানিয়েছিলেন সারা। পরে একসঙ্গে সিনেমায় অভিনয় করতে গিয়েই তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হয় জোর আলোচনা। কিন্তু সেই সম্পর্ক শেষ পর্যন্ত টেকেনি। এরপর শোনা যায়, প্রাক্তন প্রেমিক বীর পাহাড়িয়ার সঙ্গে আবারও কাছাকাছি এসেছেন তিনি। যদিও সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি।
কিছুদিন আগে পঞ্জাবের এক রাজনৈতিক পরিবারের সদস্য অর্জুনের সঙ্গে কেদারনাথে সময় কাটাতেও দেখা যায় সারাকে। এরপর থেকেই নতুন সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও এসব নিয়ে কখনও প্রকাশ্যে মন্তব্য করেননি অভিনেত্রী।
সারার কথায়, তিনি বহু সুখী দাম্পত্য ভেঙে যেতে দেখেছেন। তাই শুধু জীবনের শূন্যতা পূরণ করার জন্য বিয়ে করতে চান না। বরং নিজের জীবনে সম্পূর্ণ ও সুখী থাকাটাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।
অভিনেত্রীর বিশ্বাস, নিজে ভাল না থাকলে অন্য কাউকেও সত্যিকারের ভালবাসা যায় না। তাই আপাতত নিজের জীবন, কাজ এবং মানসিক শান্তিকেই প্রাধান্য দিতে চান তিনি।
পিআর/টিকে