মৌনী ও দিশার সম্পর্কের জল্পনা, বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রীর স্বামী সুরজ
ছবি: সংগৃহীত
০৩:৩৯ পিএম | ১৮ মে, ২০২৬
বিচ্ছেদের ঘোষণা হতেই যেন গুঞ্জনের ঝড় বইতে শুরু করেছে বলিউডে। অভিনেত্রী মৌনী রায় ও তাঁর স্বামী সুরজ নাম্বিয়ারের সম্পর্ক ভাঙার খবর প্রকাশ্যে আসতেই নানা জল্পনায় সরগরম সামাজিক মাধ্যম। কখনও খোরপোশের দাবি, কখনও আবার অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে মৌনীর সম্পর্ক নিয়ে চর্চা সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই তারকা দম্পতি।
সম্প্রতি যৌথ বিবৃতিতে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানান মৌনী ও সুরজ। এরপর থেকেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয় নানা আলোচনা। একাংশের দাবি, মৌনীর ঘনিষ্ঠ বন্ধু দিশা পাটানির কারণেই নাকি ভেঙে যাচ্ছে এই দাম্পত্য। এমনকি সামাজিক মাধ্যমে অনেকেই মৌনী ও দিশার সম্পর্ক নিয়ে নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করতে শুরু করেন।
এর মধ্যেই ছড়িয়ে পড়ে আরও এক খবর। শোনা যায়, দুবাইয়ের পরিচিত ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারের কাছ থেকে নাকি মোটা অঙ্কের খোরপোশ দাবি করেছেন মৌনী। যদিও এই সমস্ত জল্পনায় এবার সরাসরি মুখ খুললেন সুরজ নিজেই।
সামাজিক মাধ্যমে দীর্ঘ বার্তায় তিনি স্পষ্ট জানিয়েছেন, মৌনী তাঁর কাছ থেকে কোনও খোরপোশ নিচ্ছেন না। বিচ্ছেদের সিদ্ধান্ত দু’জন মিলে সম্মানের সঙ্গেই নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
সুরজের কথায়, তাঁদের সম্পর্ক ভাঙার পিছনে কোনও তৃতীয় ব্যক্তি নেই। বিচ্ছেদের পর যেসব গল্প ছড়ানো হচ্ছে, তার সবই ভিত্তিহীন এবং মনগড়া। বিশেষ করে বন্ধুদের নাম টেনে এনে যে ধরনের আলোচনা চলছে, তা নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন তিনি।

অন্যদিকে, দিশা পাটানিকে ঘিরেও চলছে নানা আলোচনা। অনেকের মতে, মৌনী ও দিশার সম্পর্ক নাকি শুধুই বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। যদিও এর কোনও প্রমাণ সামনে আসেনি। এর আগে পঞ্জাবি গায়ক তলবিন্দরের সঙ্গে দিশার সম্পর্কের গুঞ্জনও শোনা গিয়েছিল। তবুও সামাজিক মাধ্যমে কটাক্ষের মুখে পড়তে হচ্ছে অভিনেত্রীকে।
তবে সমস্ত বিতর্কের মাঝেই সূরজ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তাঁদের বিচ্ছেদের সঙ্গে কোনও বন্ধু বা তৃতীয় ব্যক্তির সম্পর্ক নেই। ব্যক্তিগত সিদ্ধান্তকে ঘিরে অযথা গুজব না ছড়ানোর বার্তাও দিয়েছেন তিনি।
পিআর/টিকে