১৩ বছর পরে স্বামীর সঙ্গে একই মঞ্চে শ্বেতা ত্রিপাঠি!
ছবি: সংগৃহীত
০৩:৪৬ পিএম | ১৮ মে, ২০২৬
মঞ্চে আবারও একসঙ্গে দেখা যাবে অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠি এবং তাঁর স্বামী চৈতন্য শর্মাকে। দীর্ঘ ১৩ বছর আগে যে মঞ্চ তাঁদের সম্পর্কের সূচনা করেছিল, সেই একই মঞ্চেই এবার ফিরছেন এই দম্পতি। আর সেই অভিজ্ঞতা নিয়েই খোলামেলা কথা বলেছেন শ্বেতা।
২০১৩ সালে প্রথমবার মঞ্চে একসঙ্গে কাজ করতে গিয়েই তাঁদের আলাপ। ধীরে ধীরে সেই পরিচয়ই পরিণত হয় প্রেমে, পরে বিয়েতে। এবার বহু বছর পর আবার একসঙ্গে নাটকে কাজ করতে গিয়ে যেন পুরনো দিনগুলোর স্মৃতিই ফিরে পাচ্ছেন অভিনেত্রী।
নতুন নাটকে তাঁদের দেখা যাবে প্রেমিক-প্রেমিকার ভূমিকায়। সম্পর্কের একেবারে শুরুর দিকের আবেগ, প্রথম দেখা, প্রথম ডেট সবকিছুর অনুভূতি তুলে ধরা হয়েছে চরিত্রে। সেই চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজের ব্যক্তিগত জীবনের প্রথম দিকের অনুভূতিও আবার মনে পড়ছে বলে জানিয়েছেন শ্বেতা।
অভিনেত্রীর কথায়, প্রথম দেখা হওয়ার পর থেকেই তাঁর মনে এক বিশেষ টান তৈরি হয়েছিল চৈতন্যর প্রতি। দিল্লি থেকে প্রথম শো শেষ করে ফেরার পথে পুরো বিমানে তিনি শুধু হেসেই কাটিয়েছিলেন। সেই মুহূর্তেই যেন তিনি বুঝে গিয়েছিলেন, এই মানুষটিই তাঁর জীবনের অংশ হতে চলেছে।

বর্তমানে তাঁদের সম্পর্ক অনেক পরিণত ও গভীর। তাই এই নাটকে অভিনয় করতে গিয়ে প্রথম দিকের সেই উত্তেজনা ও কৌতূহল আবার নতুন করে অনুভব করছেন শ্বেতা। তাঁর মতে, এটি এক ধরনের আবেগঘন পুনরায় যাত্রা।
মঞ্চে স্বামীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে শ্বেতা জানান, তাঁদের মধ্যে রয়েছে গভীর আস্থা ও বোঝাপড়া। একে অপরের সবচেয়ে বড় সমর্থক হওয়ায় কাজ করতে গিয়ে কোনও দ্বিধা থাকে না। বরং আরও বেশি সাহস নিয়ে পরীক্ষামূলক অভিনয় করা যায়।
চৈতন্যর প্রশংসা করে শ্বেতা বলেন, তিনি অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও পরিশ্রমী মানুষ। তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে তিনি নিজেও অনেক কিছু শিখেছেন।
সিনেমা ও ওটিটির পাশাপাশি থিয়েটারই তাঁর সবচেয়ে প্রিয় জায়গা বলে জানিয়েছেন শ্বেতা। তাঁর মতে, লাইভ পারফরম্যান্সের যে সরাসরি অনুভূতি ও দর্শকের সঙ্গে সংযোগ, তা অন্য কোনও মাধ্যমে পাওয়া যায় না।
পিআর/টিকে