বেঙ্গালুরুতে গরুর সেবায় তারকা দম্পতি অঙ্কিতা লোখান্ডে ও ভিকি
ছবি: সংগৃহীত
০৪:২৮ পিএম | ১৮ মে, ২০২৬
কখনও লাল গালিচা, কখনও আবার সাধারণ জীবনের একেবারে অন্য রূপ অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ও তাঁর স্বামী ভিকি জৈনকে এবার দেখা গেল একেবারে ভিন্ন অভিজ্ঞতায়। বিলাসবহুল জীবন থেকে সরে গিয়ে তাঁরা অংশ নিলেন গোসেবায়, বেঙ্গালুরুর এক আধ্যাত্মিক গোশালায়।
কর্নাটকের বেঙ্গালুরুতে আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের গোশালায় গিয়েছিলেন এই তারকা দম্পতি। সেখানে গিয়ে শুধু ঘুরে দেখা নয়, বরং সরাসরি গরুর পরিচর্যায় অংশ নেন তাঁরা। কখনও বাছুরকে খাবার খাওয়ানো, কখনও বড় গরুর যত্ন নেওয়া, আবার কখনও গোবর পরিষ্কার করতেও দেখা যায় তাঁদের।

সম্পূর্ণ সাধারণ পোশাকে, তারকার পরিচয় পাশে সরিয়ে রেখে একেবারে স্বাভাবিকভাবে কাজ করতে দেখা যায় অঙ্কিতাকে। স্বামী ভিকি জৈনও তাঁর সঙ্গে সমানভাবে অংশ নেন এই কাজে। দু’জনেই জানান, এই অভিজ্ঞতা তাঁদের কাছে অত্যন্ত শান্তিদায়ক ও আনন্দের।
অঙ্কিতার মতে, গরুর সঙ্গে সময় কাটানো এক আলাদা ধরনের মানসিক শান্তি দেয়। গোশালার পরিবেশ ও প্রাণীদের নির্ভেজাল আচরণ তাঁদের মনকে প্রশান্ত করেছে বলেই জানান তিনি। ভিকি জৈনও একই অনুভূতি প্রকাশ করে বলেন, প্রতিটি গরুর নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এবং পুরো অভিজ্ঞতাটি তাঁর কাছে সত্যিই অসাধারণ।
তবে তাঁদের এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একাংশ তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানালেও, আরেক অংশ কটাক্ষ করে মন্তব্য করেছেন, এতদিন পরে যেন তাঁরা পাপমুক্ত হয়েছেন।
সব বিতর্কের বাইরে গিয়ে অবশ্য অঙ্কিতা ও ভিকির বক্তব্য একটাই এই অভিজ্ঞতা তাঁদের কাছে কেবল একটি সামাজিক দায়িত্ব নয়, বরং এক ধরনের আত্মিক প্রশান্তির যাত্রা।
পিআর/টিকে