রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা অধিনায়ক কারভাহালের
ছবি: সংগৃহীত
১০:০১ পিএম | ১৮ মে, ২০২৬
রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ দুই যুগের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন রিয়াল দানি কারভাহাল। স্প্যানিশ এই ডিফেন্ডার চলতি মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়বেন বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে রিয়াল।
২০০২ সালে রিয়াল মাদ্রিদের একাডেমিতে যোগ দেন কারভাহাল। ২০১৩ সাল থেকে মূল দলে খেলছেন। এই সময়ে নিজেকে ক্লাব ইতিহাসের অন্যতম সফল ও সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে তিনি দলের অধিনায়ক।
রিয়ালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমাদের ক্লাব ও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তির প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।’
৩৪ বছর বয়সী কারভাহালের চলতি মৌসুমটা কেটেছে চোটের সঙ্গে লড়াই করে। সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ২২ ম্যাচ খেলেছেন।
জাতীয় দল স্পেনের জার্সিতে ইউরো ও নেশনস লিগ জয়ের স্বাদ পাওয়া কারভাহাল ক্যারিয়ারের শেষ দিকে দেশের বাইরে নতুন অভিজ্ঞতা নিতে আগ্রহী বলেও জানা গেছে।
রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বিদায়ী অধিনায়ক কারভাহালকে ক্লাবের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছেন। ক্লাবের ওয়েবসাইটে পেরেজ বলেন, ‘দানি কারভাহাল রিয়াল মাদ্রিদ ও আমাদের একাডেমির প্রতীক। সে সবসময় রিয়াল মাদ্রিদের মূল্যবোধকে ধারণ করেছে। এই ক্লাব সবসময়ই তার ঘর ছিল এবং থাকবে।’

রিয়াল মাদ্রিদের জার্সিতে কারভাহালের অর্জনের তালিকাও ঈর্ষণীয়।
ক্লাবটির হয়ে মোট ২৭টি শিরোপা জিতেছেন। ইতিহাসের মাত্র পাঁচজন ফুটবলারের একজন হিসেবে ছয়টি চ্যাম্পিয়নস লিগ জয়ের কীর্তি গড়েছেন এই ডিফেন্ডার। ২০২৪ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করে দলকে শিরোপা জেতানোর পাশাপাশি ম্যাচসেরাও হন তিনি।
এছাড়া কারভাহালের ঝুলিতে আছে ছয়টি ক্লাব বিশ্বকাপ, পাঁচটি উয়েফা সুপার কাপ, চারটি লা লিগা, দুটি কোপা দেল রে এবং চারটি স্প্যানিশ সুপার কাপ। ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের ফিফপ্রো ওয়ার্ল্ড একাদশেও জায়গা করে নেন তিনি।
শনিবার (২৩ মে) মৌসুমের শেষ লা লিগা ম্যাচে সমর্থকদের সামনে শেষবারের মতো মাঠে নামবেন কারভাহাল। রিয়ালের জার্সিতে ৪৫০ ম্যাচ ও ১৪ গোলের স্মরণীয় অধ্যায়ের পর ক্লাব কিংবদন্তিকে বিদায় জানাতে প্রস্তুত সান্তিয়াগো বার্নাব্যু।
টিজে/টিকে