নেইমারকে নেওয়ার কারণ, বিশ্বকাপে পজিশন ও একাদশে থাকা নিয়ে কী বললেন কোচ আনচেলত্তি?
ছবি: সংগৃহীত
০৯:১৪ এএম | ১৯ মে, ২০২৬
অবশেষে প্রথমবার কার্লো আনচেলত্তির কাছ থেকে বহুল কাঙ্ক্ষিত ডাক পেলেন নেইমার জুনিয়র। তাকে নিয়েই বিশ্বকাপের জন্য ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এর আগে ৫৫ জনের প্রাথমিক তালিকায় থাকলেও, চূড়ান্ত দলে তার অন্তর্ভুক্তির অনিশ্চয়তা কাটছিল না। তাহলে কীভাবে নেইমারকে দলে নেওয়ার সিদ্ধান্ত হলো, বিশ্বকাপে তার খেলার পজিশন এবং একাদশে জায়গা মিলবে কি না ধারণা দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি।
রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে গতকাল (সোমবার) দিবাগত রাতে ব্রাজিলের স্কোয়াড ঘোষণার অনুষ্ঠানে সাবেক ফুটবলার ও কোচসহ ফুটবল বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। সংবাদমাধ্যম গ্লোবো’র তথ্যমতে– অনুষ্ঠানটি কাভার করেছেন ১৩টি দেশের সাংবাদিকসহ ৬০০-এর বেশি গণমাধ্যমকর্মী। সেখানে নেইমারের নামটি যখন উচ্চারিত হয়, উল্লাস আর করতালিতে ফেটে পড়ে পুরো মিলনায়তন।

দল ঘোষণার পর নেইমারকে তার ফিটনেসের উন্নতি ও সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে নেওয়ার কথা জানালেন ব্রাজিল কোচ। তিনি বলেন ‘আমরা নেইমারকে পুরো বছরের হিসাবে মূল্যায়ন করেছি এবং সাম্প্রতিক সময়ে তার ধারাবাহিক খেলে যাওয়া ও শারীরিক অবস্থার উন্নতির বিষয় পর্যবেক্ষণে ছিল। (বিশ্বকাপে) অন্যদের মতো তারও একই ভূমিকা এবং দায়িত্বশীলতা থাকবে, তবে তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড়। এটি সত্য যে কিছু পজিশনে আমরা অভিজ্ঞদের প্রাধান্য দিই।’
৩৪ বছর বয়সী এই ব্রাজিল ফরোয়ার্ড দেশটির ইতিহাসে আন্তর্জাতিক ম্যাচের সর্বোচ্চ গোলদাতা (৭৯)। যদিও ২০২৩ সালে এসিএল ইনজুরিতে ছিটকে পড়ার পর ছোট ছোট আরও কিছু চোট বারবার তাকে মাঠের বাইরে ছিটকে দেওয়ার ঘটনা ছিল নিয়মিত। সে কারণে তার শতভাগ ফিটনেস ফিরে পাওয়াকে প্রধান শর্ত বলে এতদিন উল্লেখ করে আসছিলেন আনচেলত্তি। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে সর্বশেষ ম্যাচে নেইমারকে চোটের অস্বস্তিতে থাকতে দেখা গেছে। অবশ্য ৬৬ বছর বয়সী ইতালিয়ান কোচও তার ফিটনেস নিয়ে কিছুটা সংশয় রেখে দিয়েছেন।
ফলে দলে থাকলেও নেইমারের একাদশে থাকা যে নিশ্চিত নয় সেটাই স্পষ্ট জানালেন আনচেলত্তি, ‘তিনি এই বিশ্বকাপে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এখানে আপনার খেলার, না খেলার, ডাক পাওয়ার কিংবা বেঞ্চে বসে কাটানোরও সম্ভাবনা আছে। ধারাবাহিকতা ধরে রেখে তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচের আগপর্যন্ত শারীরিক অবস্থার আরও উন্নতি করতে পারেন। তবে তার অভিজ্ঞতা, দলে তার প্রতি সহানুভূতি ভালো আবহ তৈরি করতে পারে এবং এটি সাহায্য করবে পুরো দলকে। আমি স্বচ্ছ এবং সৎ থাকতে চাই– যদি নেইমার দলে থাকা প্রাপ্য হন তবে খেলবেন। শুরুর একাদশ নিয়ে আমার ধারণা আছে, তবে আমি অনুশীলন দেখতে চাই, যদি খেলোয়াড়রা প্রস্তুত থাকেন। নেইমারেরও একই ভূমিকা। থাকবে’
‘আমার মতে শুধু একজন খেলোয়াড়ের ওপর প্রত্যাশা আটকে রাখা গুরুত্বপূর্ণ কিছু নয়। দলগতভাবে পারফর্ম করা আমাদের দায়িত্ব। বিশ্বকাপ জয়ের জন্য সবারই অবদান রাখতে হবে। আমি তারকা চাই না। আমি এমন খেলোয়াড় চাই যারা দলকে ম্যাচ জেতাতে সাহায্য করবে। নেইমারকে কেবল রিজার্ভ ফুটবলার হিসেবে নেওয়া হয়নি, তিনি দলের মান বাড়িয়ে তুলবেন, এমনকি যদি এক মিনিটের জন্যও খেলেন। আমরা এমন ফুটবলারদের ডেকেছি যারা উপযুক্ত দলকে এগিয়ে নেবে। ঠিক কতটা সময় ধরে? আমি জানি না’, আরও যোগ করেন ব্রাজিল কোচ।
এখনই স্কোয়াড গড়া নিয়ে কাঁটাছেড়া করতে নিষেধ করলেন আনচেলত্তি, ‘এটা হয়তো নিখুঁত দল হয়নি। কিন্তু এটি হবে সহনশীল, একাগ্র, বিনয়ী ও নিঃস্বার্থ। বিষয়টি সমষ্টিগত, ব্যক্তিগত নয়। এরপর আমাকে সেই নিশ্চয়তা দিতে পারে এমন খেলোয়াড় বেছে নিতে হবে। আমার কাছে সব তথ্য আছে। আমি এর জন্য উন্মুখ নই। প্রত্যেকেরই ভিন্ন ভাবনা থাকতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা আমিই নিই। আর আজ কেউ বলতে পারবে না যে কোচ ভুল করেছেন। জুলাই মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, তখন নিশ্চয়ই কেউ আমাকে বলবে যে আমি ঠিক করেছি নাকি ভুল।’
এমআর/টিএ