রুনা লায়লা ও বাপ্পা মজুমদারের নতুন গান ‘অনায়াসে’
ছবি: সংগৃহীত
১২:৪৬ পিএম | ১৯ মে, ২০২৬
বাংলা সংগীতজগতের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ও জনপ্রিয় গায়ক ও সুরকার বাপ্পা মজুমদারের যৌথ কণ্ঠের নতুন গান ‘অনায়াসে’ প্রকাশ পেয়েছে। সম্পূর্ণ নতুন আঙ্গিকের এই বাংলা গজলধর্মী গানটি শনিবার (১৬ মে) থেকে বাপ্পা মজুমদারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে শুনতে পাচ্ছেন শ্রোতারা।
গানটি মূলত বাপ্পা মজুমদারের আসন্ন ‘অনুভব’ অ্যালবামের প্রথম গান হিসেবে প্রকাশ করা হয়েছে। গানটির পেছনের গল্প জানিয়ে বাপ্পা মজুমদার বলেন, গানটি প্রথমে রুনা লায়লার একক কণ্ঠের জন্যই তৈরি করা হয়েছিল। তবে গানের কথা ও সুর পছন্দ হওয়ার পর রুনা লায়লা নিজেই এটিকে দ্বৈত গান হিসেবে গাওয়ার প্রস্তাব দেন। তিনি বাপ্পাকে বলেন, তুমি বরং আমার সঙ্গে গাও, গানটি ডুয়েট হোক।

এরপরই গানটিতে যৌথভাবে কণ্ঠ দেন এই দুই শিল্পী।
কিংবদন্তি এই শিল্পীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বাপ্পা মজুমদার বলেন, রুনা লায়লা ম্যাম দুর্দান্ত গেয়েছেন। উনি কণ্ঠ দেওয়ায় গানটির আবেদন অন্য রকম হয়ে গেছে। উনার মতো এত বড় মাপের একজন শিল্পীর সঙ্গে গান করতে পারা নিঃসন্দেহে বিশাল প্রাপ্তি এবং আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা।
আশা করি, শুদ্ধ গানের শ্রোতাদের গানটি ভালো লাগবে।
বাপ্পা মজুমদার জানিয়েছেন, ‘অনুভব’ অ্যালবামে মোট ১০টি গান রয়েছে। এই অ্যালবামে রুনা লায়লার আরো একটি একক গান থাকবে।
রুনা লায়লা ও বাপ্পা মজুমদার ছাড়াও এই অ্যালবামের বাকি গানগুলোতে কণ্ঠ দিয়েছেন তানভীর আলম সজীব, কোনাল, টিনা রাসেল, প্রিয়াঙ্কা গোপ, আনিলা নাজ চৌধুরী ও কলকাতার রাঘব চ্যাটার্জী।
অ্যালবামটির প্রকাশের পরিকল্পনা নিয়ে বাপ্পা বলেন, প্রথমে প্রতিটি গান এককভাবে (সিঙ্গেলস) প্রকাশ করা হবে।
পরবর্তীতে চলতি বছরের আগস্টের মধ্যে পুরো অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসবে।
পিআর/এসএন