© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চেন্নাইকে হারিয়ে গুজরাটকে নিয়ে প্লে-অফে হায়দরাবাদ

শেয়ার করুন:
চেন্নাইকে হারিয়ে গুজরাটকে নিয়ে প্লে-অফে হায়দরাবাদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৬ পিএম | ১৯ মে, ২০২৬
প্লে-অফে জায়গা নিশ্চিত করল সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে নিজেদের পাশাপাশি গুজরাট টাইটান্সের প্লে-অফও নিশ্চিত করে দিয়েছে প্যাট কামিন্সের দল। অন্যদিকে এই হারে বাদ পড়ার দ্বারপ্রান্তে চলে গেছে অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস।

সোমবার (১৮ মে) এমএ চিদাম্বরম স্টেডিয়ামে স্বাগতিক চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেট ও ৬ বল হাতে রেখে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।আগে ব্যাট করে ৭ উইকেটে ১৮০ রান তোলা চেন্নাই ম্যাচ বাঁচানোর প্রাণান্তকর চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ইশান কিশান এবং হেনরিক ক্লাসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নেয় হায়দরাবাদ।

এই জয়ে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফে উঠে গেছে হায়দরাবাদ। সমান পয়েন্ট নিয়ে রান ব্যবধানে এগিয়ে থাকায় গুজরাটেরও প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগেই প্লে-অফ নিশ্চিত করেছিল। বাকি একটি স্লটের জন্য লড়ছে পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস , দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স।



এদিন চেন্নাই চ্যালেঞ্জিং স্কোর গড়ে সম্মিলিত প্রচেষ্টায়। পাঁচে নামা দেভাল্ড ব্রেভিস ২৭ বলে ২ চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৪৪ রান করেন। ১৯ বলে ৩ চার ও ২ ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে কার্তিক শর্মার ব্যাট থেকে।

বাকিদের মধ্যে সাঞ্জু স্যামসন ১৩ বলে ২৭, শিভাম দুবে ২৩ বলে ২৬ রান করেন।

হায়দরাবাদের পক্ষে অধিনায়ক কামিন্স ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। এছাড়া শাকিব হুসেন ২টি, ইশান মালিঙ্গা ও প্রফুল ১টি করে উইকেট শিকার করেন।

জবাবে দিতে নামা হায়দরাবাদ দ্রুতই হারায় ট্রাভিস হেডের (৬ বলে ৬) উইকেট। ঝড় তুলতে ব্যর্থ হয়েছেন অভিষেক শর্মাও। অষ্টম ওভারে আউট হওয়ার আগে ২১ বলে ২৬ রান করেন তিনি।

৫৬ রানে দুই ওপেনারকে হারালেও তৃতীয় উইকেট জুটিতে ইশান কিশান ও হেনরিক ক্লাসেন জয়ের ভিত্তি গড়ে দেন হায়দরাবাদকে। মাত্র ৫৩ বলে ৭৫ রানের জুটি গড়েন তারা।

২৬ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৭ রান করে নুর আহমেদের বলে আউট হন ক্লাসেন। ২ ওভার পর নীতিশ কুমার রেড্ডিও (৭ বলে ১১) বিদায় নেন।

জয় থেকে ৬ রান দূরে থাকতে কিশানও বিদায় নেন। তবে তার আগেই ৪৭ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭০ রানের দারুন ইনিংস খেলে যান। জয়ের জন্য বাকি কাজটুকু সারেন সলিল অরোরা (৫ বলে ১০) ও রাভিচন্দ্রন স্মরণ (২ বলে ৫)।

মুকেশ চৌধুরী ২টি এবং আনশুল কাম্বোজ, নুর আহমেদ ও আকিল হোসেন ১টি করে উইকেট শিকার করেন।

এমআর/এসএন 

মন্তব্য করুন