শুভশ্রীর ট্যাটুতে রাজের নাম, তবে পরিচালকের হাতে কার ছাপ?
ছবি: সংগৃহীত
০২:১২ পিএম | ১৯ মে, ২০২৬
টলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়-কে নিয়ে অনুরাগীদের আগ্রহ যেন কখনও কমে না। ব্যক্তিগত জীবন থেকে কাজ সবকিছু নিয়েই চর্চায় থাকেন এই তারকা জুটি। এবার তাঁদের ট্যাটু ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা।
২০১৮ সালে বিয়ের পর থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে ভালোবাসা দেখাতে কখনও পিছপা হননি রাজ ও শুভশ্রী। দুই সন্তান ইউভান ও ইয়ালিনিকে নিয়ে এখন তাঁদের ভরপুর সংসার। সম্প্রতি বিবাহবার্ষিকীও একান্তে উদ্যাপন করেছেন থাইল্যান্ডের ফুকেটে।
তবে অনেকেই জানেন না, শুভশ্রী নিজের ঘাড়ে স্বামীর নামের ট্যাটু করিয়েছেন। অভিনেত্রীর ঘাড়ের কাছে ইংরেজিতে লেখা রয়েছে ‘মিসেস চকো’। জানা যায়, ‘চকো’ আসলে রাজের পদবির সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ এই ট্যাটুর মাধ্যমে নিজেকে ‘শ্রীমতী চক্রবর্তী’ হিসেবেই প্রকাশ করেছেন অভিনেত্রী।
অন্যদিকে রাজের হাতেও রয়েছে বিশেষ এক ট্যাটু। তবে সেখানে স্ত্রীর নাম নয়, জায়গা পেয়েছে ছেলে ইউভানের স্মৃতি। ছেলের জন্মের পর হাতে ইউভানের পায়ের ছাপের সঙ্গে তাঁর নামও খোদাই করিয়েছিলেন পরিচালক।

বর্তমানে ব্যক্তিগত ও পেশাগত দুই দিক থেকেই আলোচনায় রয়েছেন রাজ-শুভশ্রী। সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের সময়ও স্বামীর পাশে শক্তভাবে দাঁড়াতে দেখা গেছে শুভশ্রীকে। অন্যদিকে কাজের ক্ষেত্রেও দু’জনেই ব্যস্ত সময় পার করছেন।
সম্প্রতি রাজ পরিচালিত ‘প্রলয় ২’ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সেখানে বিশেষ উপস্থিতিতেও দেখা গিয়েছে শুভশ্রীকে। এছাড়া পুজোয় মুক্তি পেতে চলা নতুন ছবিতে ফের দেব-এর সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী। সেই ছবিতে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য-ও।
পিআর/এসএন