আর্জেন্টিনা বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে কবে
ছবি: সংগৃহীত
০৩:০৯ পিএম | ১৯ মে, ২০২৬
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য একে একে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করছে প্রতিযোগী দেশগুলো। কয়েকদিন আগে ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবশ্য খুব একটা তাড়া দেখাচ্ছে না। তবে ফিফার এই মেগা ইভেন্টকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনা যদিও চূড়ান্ত দল ঘোষণা নিয়ে কিছু জানায়নি, ধারণা করা হচ্ছে সেই সময়টি হতে যাচ্ছে ২৪ মে’র পর।
দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্যমতে, আগামী ২৫ মে থেকে বুয়েন্সে আয়ার্সের এজেইজায় অবস্থিত আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লিওনেল মেসি ট্রেনিং সেন্টারে প্রাথমিক অনুশীলন ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানে ৫৫ সদস্যের প্রাক-তালিকায় থাকা এবং ২৬ সদস্যের চূড়ান্ত দলে থাকার সম্ভাবনা বেশি– এমন কয়েকজন ফুটবলারকে ডাকা হবে। ফলে ওই সময়কে ভাবা হচ্ছে স্কোয়াড ঘোষণার টাইমলাইন!
বিশেষ করে যেসব খেলোয়াড়ের ক্লাব ফুটবলের মৌসুম ২৪ মে শেষ হবে, দ্রুততম সময়ে তাদের ক্যাম্পে যোগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইউরোপের শীর্ষ লিগগুলো– ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা এবং সিরি আ। আর্জেন্টাইন কোচিং স্টাফের লক্ষ্য, যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার আগেই কয়েকজন খেলোয়াড়কে স্কালোনির অধীনে এক সপ্তাহ অনুশীলনের সুযোগ দেওয়া। এরপর স্কালোনির দল যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে যাবে, যেখানে বিশ্বকাপ চলাকালে মূল বেস ক্যাম্প স্থাপন করা হবে আর্জেন্টিনার।
কানসাস সিটিতে আলিবিসেলেস্তেদের পূর্ণাঙ্গ স্কোয়াড প্রথমবারের মতো একসঙ্গে অনুশীলনে অংশ নেবে। বিশ্বচ্যাম্পিয়নদের বেস ক্যাম্প হিসেবে নির্বাচিত হয়েছে কম্পাস মিনারালস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টার। যা স্পোর্টিং কানসাস সিটির অনুশীলন কেন্দ্র এবং টুর্নামেন্টজুড়ে স্কালোনির দলের কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। গত সোমবার আনুষ্ঠানিকভাবে ২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। সেখান থেকে বিশ্বকাপ ধরে রাখার মিশনে স্কালোনিকে চূড়ান্ত ২৬ সদস্যের দল নির্বাচন করতে হবে।
চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় ৩০ মে। এ ছাড়া টুর্নামেন্ট শুরুর আগে কোনো খেলোয়াড় চোটে পড়লে, ইতোমধ্যে প্রকাশিত ৫৫ সদস্যের তালিকা থেকেই তার পরিবর্তে নতুন খেলোয়াড় নেওয়া হবে। এর আগে টিওয়াইসির আরেক প্রতিবেদনে জানানো হয়েছিল, এরই মধ্যে ২২ ফুটবলারের জায়গা প্রায় নিশ্চিত হয়ে গেছে। কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটলে তারাই খেলবেন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে।
এখন কোচিং স্টাফের সামনে সবচেয়ে বড় কাজ বাকি চারটি জায়গা নিয়ে সিদ্ধান্ত নেওয়া। আগামী এক মাসে এসব জায়গার জন্য কয়েকজন ফুটবলারের পারফরম্যান্স পর্যবেক্ষণ করা হবে। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে মেসি-আলভারেজরা।
এবি/টিএ