‘রাগ করলা’ নিয়ে মাতামাতিতে রুচির দুর্ভিক্ষ বললেন নিলয়
ছবি: সংগৃহীত
০৪:০৪ পিএম | ১৯ মে, ২০২৬
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘রাগ করলা’ সংলাপে মেতে থাকা নেটিজেনদের একহাত নিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ভাইরাল বিষয়বস্তু নিয়ে সাধারণ মানুষের এই অতি-উৎসাহকে সমাজের ‘দ্বিমুখী আচরণ’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
মঙ্গলবার (১৯ মে) নিজের ফেসবুক প্রোফাইলে এ নিয়ে কড়া সমালোচনা করেছেন এই অভিনেতা। লেখেন, রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শো-রুম উদ্বোধন করাইয়ো। এওয়ার্ড প্রোগ্রামে ইনভাইট করে এওয়ার্ড দিও। তারপর স্ট্যাটাস দিও রুচির দুর্ভিক্ষ।
মূলত সামাজিক মাধ্যমে কোনো ব্যক্তি বা বিষয় ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে যে ধরনের বাণিজ্যিক ও সামাজিক তোড়জোড় শুরু হয়, নিলয় আলমগীরের স্ট্যাটাসে সেই প্রবণতাকেই ইঙ্গিত করা হয়েছে। অভিনেতার এমন স্পষ্টভাষী মন্তব্যে অধিকাংশ নেটিজেনই সহমত পোষণ করেছেন। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই দেখা যাচ্ছে এক কথিত কবিরাজকে। যিনি সাধারণত ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক’ এ ধরনের সংলাপ বলে আলোচনায় এসেছেন। শোনা যাচ্ছে, তিনি নাকি কবিরাজ নন, একজন অভিনেতা। তার নাম ঈমান আলী। যিনি গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছেন।
তবে এর আগেও বিভিন্ন সময় ভাইরাল কনটেন্ট বা ভাইরাল হওয়া ব্যক্তিদের নিয়ে মূলধারার অনেক তারকা নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন। এবার নিলয় আলমগীরের এই ক্ষোভের পরও উঠল নানা প্রশ্ন।
এসএ/এসএন