‘মাস্টারপ্ল্যান’ সাজিয়েছেন স্কালোনি, বিশ্বকাপ দলে বড় চমকের আভাস
ছবি: সংগৃহীত
০৭:১৯ পিএম | ১৯ মে, ২০২৬
২০২৬ ফুটবল বিশ্বকাপের মহারণ শুরুর দিন যতই ঘনিয়ে আসছে, অংশগ্রহণকারী দলগুলোর কোচরা তাদের চূড়ান্ত স্কোয়াড গোছাতে ততই ব্যস্ত হয়ে উঠছেন। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনিও এর ব্যতিক্রম নন।
শিরোপা ধরে রাখার মহাপ্রস্তুতির অংশ হিসেবে এবার এক বিশেষ পরিকল্পনা বা ‘মাস্টারপ্ল্যান’ সাজিয়েছেন তিনি।
ফিফার নিয়ম অনুযায়ী চূড়ান্ত স্কোয়াড ২৬ সদস্যের হলেও, স্কালোনি মে মাসের শেষ সপ্তাহে আর্জেন্টিনার ইজেইজা ক্যাম্পে ২৬ জনের বেশি ফুটবলারকে ডাকার পরিকল্পনা করছেন। এরপর সেখান থেকে পুরো দল নিয়ে যাওয়া হবে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল কন্ডিশনিং ক্যাম্পে।
আগামী ৩০ মে শনিবারের মধ্যে চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় হলেও, বাড়তি খেলোয়াড় রাখার পেছনে স্কালোনিকে তাড়া করছে এক পুরোনো তিক্ত অভিজ্ঞতা।
২০২২ সালের কাতার বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গিয়েছিলেন নিকো গঞ্জালেস এবং জোয়াকিন কোরেয়া। তখন তড়িঘড়ি করে ছুটিতে থাকা আনহেল কোরেয়া এবং থিয়াগো আলমাদাকে দোহায় ডেকে পাঠাতে হয়েছিল।
এবার যেন এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, তাই আগেভাগেই ব্যাকআপ বা অতিরিক্ত খেলোয়াড় প্রস্তুত রাখতে চান আর্জেন্টাইন বস।

স্কালোনির এই ব্যাকআপ পরিকল্পনার কারণে আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে বেশ কিছু চমকপ্রদ নাম চলে আসতে পারে। বিশেষ করে উইং পজিশন আরও শক্তিশালী করতে কোচ দুজন ফুটবলারের নাম গুরুত্ব দিয়ে ভাবছেন, যারা ইতিমধ্যে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকাতেও আছেন। তারা হলেন অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং রোমার স্ট্রাইকার মাতিয়াস সোলে।
ইউরোপা লিগের ফাইনালিস্ট দল অ্যাস্টন ভিলার তারকা বুয়েন্দিয়া সর্বশেষ ২০১৫ সালের নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচে জাতীয় দলে ডাক পেয়েছিলেন। অন্যদিকে রোমার তরুণ ফরোয়ার্ড সোলে কয়েকবার জাতীয় দলে ডাক পেলেও আলবিসেলেস্তেদের জার্সিতে এখনো তার অফিশিয়াল অভিষেক হয়নি। এবার এই দুই তারকার সামনে থাকছে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ।
বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে জুন মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল। প্রথম ম্যাচ হবে ৬ জুন, টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়াম; প্রতিপক্ষ হন্ডুরাস। দ্বিতীয় ম্যাচ ৯ জুন, আলাবামার জর্ডান হেয়ার স্টেডিয়ামে; প্রতিপক্ষ আইসল্যান্ড।
আগামী ১১ জুন মেক্সিকোর ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের। আর দীর্ঘ লড়াই শেষে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার খেলবে ‘গ্রুপ জে’-তে। যেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। আগামী ১৭ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের শিরোপা ধরে রাখার মূল মিশন শুরু করবে আলবিসেলেস্তেরা।
এমআই/টিএ