পরিচারকদের জন্য ৫১ কোটির ফ্ল্যাট কিনে বিতর্কে সোনম-আনন্দ!
ছবি: সংগৃহীত
০৯:৪৮ পিএম | ২৩ মে, ২০২৬
বিয়ের পর থেকেই লন্ডনকেই নিজের স্থায়ী ঠিকানা বানিয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। স্বামী আনন্দ আহুজা ও দুই সন্তানকে নিয়ে সেখানেই সংসার তাঁর। বিলাসবহুল জীবনযাপন এবং অভিজাত রুচির জন্য বরাবরই পরিচিত এই তারকা দম্পতি। তবে এবার তাঁদের নতুন সম্পত্তি কেনা ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
কয়েক বছর আগেই লন্ডনের অভিজাত নটিং হিল এলাকায় কয়েকশো কোটি টাকা ব্যয়ে প্রাসাদসম বাড়ি কিনেছিলেন সোনম ও আনন্দ। এবার সেই এলাকার কাছাকাছি আরও পাঁচটি ফ্ল্যাট কিনেছেন তাঁরা। জানা গেছে, এই ফ্ল্যাটগুলোর মোট মূল্য প্রায় ৪০ লক্ষ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১ কোটিরও বেশি।

সবচেয়ে আলোচনার বিষয়, এই ফ্ল্যাটগুলো নাকি নিজেদের জন্য নয়, বরং বাড়ির পরিচারক ও কর্মীদের থাকার ব্যবস্থার জন্য কিনেছেন তাঁরা। আর এই সিদ্ধান্তেই আপত্তি তুলেছেন ওই এলাকার কিছু বাসিন্দা।
স্থানীয়দের অভিযোগ, সোনম-আনন্দ এই ফ্ল্যাটগুলোকে এক ধরনের ‘সামাজিক আবাসনে’ পরিণত করতে চাইছেন। তাঁদের আশঙ্কা, এতে এলাকার বর্তমান পরিবেশ বদলে যেতে পারে। শুধু তাই নয়, কিছু বাসিন্দা সামাজিক শ্রেণিবিন্যাস নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
এক বাসিন্দার দাবি, বহু বছর ধরে ওই এলাকায় একটি নির্দিষ্ট পরিবেশ ও সম্প্রদায় গড়ে উঠেছিল। কিন্তু নতুন এই পরিকল্পনার কারণে সেই পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, শতকোটিপতি দম্পতি নিজেদের সুবিধার জন্য পুরো আবাসনের চরিত্র বদলে দিচ্ছেন।
আরও অভিযোগ উঠেছে, কিছু ফ্ল্যাট এখনও খালি পড়ে আছে, আবার কিছু সংস্কারের কাজ চলছে। তবে পুরো সিদ্ধান্তটি নাকি খুব গোপনীয়ভাবে নেওয়া হয়েছে, যা নিয়েও অসন্তোষ রয়েছে স্থানীয়দের মধ্যে।
যদিও এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি সোনম কাপুর বা আনন্দ আহুজা। তবে তাঁদের এই সম্পত্তি কেনা এবং তা ঘিরে প্রতিবেশীদের প্রতিক্রিয়া ইতিমধ্যেই বিনোদন জগতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
পিআরি/টিকে