© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফের আইনি জটে পরমব্রত-স্বস্তিকা, নতুন এফআইআর

শেয়ার করুন:
ফের আইনি জটে পরমব্রত-স্বস্তিকা, নতুন এফআইআর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৩ পিএম | ২৩ মে, ২০২৬
টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। ‘রগড়ানি’ মন্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এবার আরও বিস্তৃত আকার নিয়েছে, যার ফলে ফের এফআইআরের মুখে পড়েছেন এই দুই অভিনেতা।

জানা গেছে, বারাসত থানায় তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ‘সনাতনী প্রচার ও প্রসার কমিটি’। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অতীতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কিছু মন্তব্যের মাধ্যমে সনাতনী সমাজকে অপমান করা হয়েছে এবং তা উসকানিমূলক ছিল বলেও দাবি করা হয়েছে। সংগঠনের দাবি, সেই মন্তব্যের জেরে সমাজের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কঠোর পদক্ষেপ প্রয়োজন।



এই অভিযোগের ভিত্তিতে সংগঠনের সভাপতি হরিচাঁদ বিশ্বাস সরাসরি এফআইআর দায়ের করেন এবং দুই অভিনেতার গ্রেপ্তারির দাবি জানান। তাঁর অভিযোগ, বিষয়টি কেবল মন্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর সামাজিক প্রভাবও গুরুতর।

এর আগেও একই ইস্যুতে গড়িয়াহাট থানায় এক আইনজীবীর অভিযোগের ভিত্তিতে স্বস্তিকা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার থানায় হাজির হয়ে প্রায় এক ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা যায়। তবে থানার বাইরে এসে তিনি কোনও প্রতিক্রিয়া দেননি।

এদিকে নতুন এফআইআর দায়ের হওয়ার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়কে ঘিরে একের পর এক অভিযোগ ও তদন্তে টলিউডে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত দুই অভিনেতার পক্ষ থেকে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে নজর রয়েছে বিনোদন মহলের।

পিআরি/টিকে

মন্তব্য করুন