৫ বিভাগে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস, ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া?
ছবি: সংগৃহীত
১২:৫৯ এএম | ২৫ মে, ২০২৬
দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হলেও তাপপ্রবাহের কারণে স্বস্তি ফিরছে না জনজীবনে। এর মধ্যেই ঈদের দিন আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। জানানো হয়েছে, পবিত্র ঈদুল আজহার দিন দেশের পাঁচ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রোববার (২৪ মে) সন্ধ্যায় প্রকাশিত পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (২৭ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
একই সময়ে ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস রয়েছে।
এ সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে চলমান এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
এসকে/এসএন