মধ্যরাতে জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে ইয়াসিন বাহিনীর গুলিবর্ষণ
ছবি: সংগৃহীত
০৪:৪৫ এএম | ২৫ মে, ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে মুহুর্মুহু গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব, পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান নেমেছে।
রবিবার (২৪ মে) দিবাগত রাত ১টার দিকে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।
বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেন র্যাব-৭- এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। তিনি বলেন, রবিবার দিবাগত রাত ১টার পর জঙ্গল সলিমপুরে সদ্য প্রতিষ্ঠিত র্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীরা মুহুর্মুহু গোরি বর্ষণ করেছে।
এই হামলার জন্য তিনি ইয়াসিন বাহিনীকে দায়ী করে বলেন, যৌথ বাহিনীর অভিযানে জঙ্গল সলিমপুর থেকে বিতাড়িত সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ হামলা চালিয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।
রাত ৩টায় যৌথ বাহিনী জঙ্গল সলিমপুর এলাকাটি ঘেরাও করেছে বলে জানান অভিযানে থাকা র্যাবের এক কর্মকর্তা।
প্রসঙ্গত, প্রায় তিন দশক যাবৎ জঙ্গল সলিমপুর এলাকাটি দখল করে সন্ত্রাসীরা পাহাড় উচ্ছেদ করে পরিবেশের মারাত্মক ক্ষতি করেছে। এসব সন্ত্রাসীরা দেশের জলবায়ু উদ্বাস্তুদের স্বল্পমূল্যে পাহাড়ে ঘর করার সুযোগ করে দিত। আর নিজেরা ঘরে তুলেছে অস্ত্র এবং মাদকের সাম্রাজ্য।
সম্প্রতি যৌথবাহিনীর অভিযানে সন্ত্রাসীরা জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ হারায়। সরকার জঙ্গল সলিমপুরে পুলিশ প্রশিক্ষণ একাডেমি, কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনা তৈরির উদ্যোগ নিয়েছে।
এসকে/টিএ