নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
ছবি: সংগৃহীত
১১:১৬ এএম | ২৫ মে, ২০২৬
নওগাঁর পত্নীতলা উপজেলার গাহন মোড় এলাকায় ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশা আরোহী চালকসহ দুই জনের প্রাণহানি ঘটেছে।
রোববার (২৪ মে) রাত ২টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাশের মহাদেবপুর উপজেলার সুজাইল গ্রামের বাসিন্দা হবিবুর রহমানের ছেলে অটোরিকশা চালক আবু হাসান (৪৬) এবং অপরজন হলেন অটোরিকশার যাত্রী ধামইরহাট উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)। তিনি পেশায় মাইক্রোবাস চালক।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, নজিপুর- ধামইরহাট সড়কে পত্নীতলা থানাধীন গাহন মোড় হতে অনুমানিক ৫০০ গজ উত্তরে পাকা রাস্তার উপর একটি ড্রামট্রাক যাত্রীসহ অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আবু হাসান ও তরিকুল ইসলাম প্রাণ হারান। ঘটনার পর তাদের মরহেদ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পর অজ্ঞাতনামা ড্রামট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা হবে।
এমআর/টিএ