হাম উপসর্গে সিলেটে আরো ৩ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত
১২:৩৯ পিএম | ২৫ মে, ২০২৬
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে।
মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং একজন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নিহতরা হলেন—সুনামগঞ্জের দোয়ারাবাজারে আফসরনগরের রমজান আলীর ১৪ মাসের ছেলে মহসিন, সিলেট সদর উপজেলার পীরেরগাঁওয়ের মাজেদের আট মাসের ছেলে মাজহারুল ও মৌলভীবাজার সদরের বড়কাঁপনের মিলু মিয়ার চার মাসের কন্যাশিশু তানিয়া।
এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৭০ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে পাঁচজন রোগী শনাক্ত হয়েছেন। এ সময় ৫৮ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত বিভাগে মোট ১৬৪ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে চারজন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন।
আইকে/টিএ