ব্যর্থতার মাঝেও ছেলেকে নিয়ে আশাবাদী জ্যাকি শ্রফ
ছবি: সংগৃহীত
০৮:৩৪ পিএম | ২৭ মে, ২০২৬
বলিউডে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অ্যাকশন তারকা টাইগার শ্রফের সাম্প্রতিক ছবিগুলো বক্স অফিসে একের পর এক মুখ থুবড়ে পড়ছে। ক্যারিয়ারের এই কঠিন সময়ে ছেলের পাশে এসে দাঁড়িয়েছেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ। চলচ্চিত্রজগতের অনিশ্চিত গতিপ্রকৃতি এবং সাফল্য যে সব সময় কেবল কঠোর পরিশ্রমের ওপর নির্ভর করে না, তা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন এই বর্ষীয়ান অভিনেতা।
টাইগারের ক্যারিয়ারের এই মন্দা দশা নিয়ে কথা বলতে গিয়ে জ্যাকি শ্রফ জানান, জীবনটাই এমন যে এখানে সবকিছু মানুষের নিজেদের নিয়ন্ত্রণে থাকে না। একজন শিল্পীর কাজ হলো শুধু সততার সঙ্গে কঠোর পরিশ্রম করে যাওয়া। কখনো সেই পরিশ্রমের ফল হাতেনাতে পাওয়া যায়, আবার কখনো পরিস্থিতি অনুকূলে থাকে না। তিনি মনে করেন, প্রতিটি অভিনয়শিল্পীর ক্যারিয়ারেই এমন উত্থান-পতন আসে এবং টাইগার নিজেও এই বাস্তবতাকে খুব ভালোভাবে বোঝেন। বাবার কথায়, টাইগার সব সময় বিশ্বাস করেন যে নিজের কাজটি নিষ্ঠার সঙ্গে করে যেতে হবে, আর বাকিটা নির্ভর করে সম্পূর্ণ দর্শকদের ওপর। ছেলের এমন পরিপক্ব মানসিকতার প্রশংসা করে জ্যাকি আশা প্রকাশ করেন, টাইগার খুব দ্রুতই এই সংকট কাটিয়ে উঠবেন।

২০১৪ সালে কৃতি স্যাননের বিপরীতে ‘হিরোপান্তি’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন টাইগার শ্রফ। প্রথম ছবিতেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলে নিজের পায়ের তলার মাটি শক্ত করেন তিনি। চমৎকার মার্শাল আর্ট, চোখ ধাঁধানো নাচ এবং ফিটনেসের কারণে তরুণ প্রজন্মের কাছে রাতারাতি তারকা হয়ে ওঠেন জ্যাকি-পুত্র। পরবর্তী সময়ে ‘বাঘী’ ফ্র্যাঞ্চাইজি এবং হৃতিক রোশনের সঙ্গে ব্লকবাস্টার ‘ওয়ার’ ছবির মাধ্যমে নিজেকে বলিউডের শীর্ষ সারির অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠিত করেন।
তবে বিগত কয়েক বছর ধরে বক্স অফিসে টাইগারের ম্যাজিক যেন কিছুটা ম্লান। তাঁর অভিনীত ‘হিরোপান্তি ২’, ‘গণপথ’, ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ এবং ‘বাঘী ৪’ ছবিগুলো বক্স অফিসে ব্যবসায়িকভাবে চরম ব্যর্থ হয়। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাঘী ৩’ ছিল তার ক্যারিয়ারের শেষ সফল ছবি।
তবে এই ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে কাজ শুরু করেছেন টাইগার। রাজ মেহতার পরিচালনায় তার আগামী ছবি ‘লাগ জা গালে’র মাধ্যমে তিনি আবারও বক্স অফিসে সাফল্যের ধারায় ফিরবেন বলে আশা করছেন তার ভক্তরা।
সূত্র: এনডিটিভি
এসএ/এসএন