© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অনীক দত্তের ময়নাতদন্তের রিপোর্টে কী মিলল?

শেয়ার করুন:
অনীক দত্তের ময়নাতদন্তের রিপোর্টে কী মিলল?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫০ পিএম | ২৭ মে, ২০২৬
টলিউডের জনপ্রিয় নির্মাতা অনীক দত্ত-র আকস্মিক মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। বুধবার হিন্দুস্তান পার্কের একটি বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর দ্রুত দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরে তার মরদেহ এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চিকিৎসকদের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। রিপোর্ট অনুযায়ী, ছাদ থেকে পড়ে যাওয়ার কারণে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে মাথায় মারাত্মক আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।

তবে পুরো বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি পুলিশ। তদন্তকারীরা ঘটনাস্থলের বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। কোন উচ্চতা থেকে পড়ে গেছেন, ছাদের পাঁচিল কতটা উঁচু ছিল, এমনকি পড়ে যাওয়ার সময় পাশের কাঁঠাল গাছে ধাক্কা লেগেছিল কি না- সব বিষয়ই বিস্তারিতভাবে পরীক্ষা করা হচ্ছে।

এদিকে তদন্তে নতুন মোড় এনে দিয়েছে একটি সুইসাইড নোট। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি নোট উদ্ধার করা হয়েছে, যা দেখে প্রাথমিকভাবে আত্মহত্যার ইঙ্গিত মিলছে। তবে সেটি সত্যিই অনীক দত্তর লেখা কি না, তা নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

ঘটনাটি নিয়ে সংবাদমাধ্যমকে ডেপুটি কমিশনার সৈকত ঘোষ জানান, আপাতত এটিকে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। তদন্ত চলছে এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষা করা হবে। সুইসাইড নোটের ভেতরের বিষয়বস্তু এখনই প্রকাশ করা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি।

সব মিলিয়ে অনীক দত্তর মৃত্যু এখন শুধুই শোকের নয়, বরং রহস্য ও নানা প্রশ্নে ঘেরা এক আলোচিত ঘটনায় পরিণত হয়েছে।

এসএ/টিএ

মন্তব্য করুন