© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কঙ্গনা এবার নার্সের ভূমিকায়

শেয়ার করুন:
কঙ্গনা এবার নার্সের ভূমিকায়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩২ পিএম | ২৯ মে, ২০২৬
কঙ্গনা রনৌত এবার নার্সের ভূমিকায়। তার আগামী ছবি 'ভারত ভাগ্য বিধাতা'য় এই চরিত্রে দেখা যাবে তাকে। গতকাল বৃহস্পতিবার প্রকাশ হয়েছে ফার্স্ট লুক। একটি সশস্ত্র হামলার মুখে হাসপাতালের কর্মীরা কীভাবে একসঙ্গে দাঁড়িয়েছিলেন- সেটাই দেখা যাবে 'ভারত ভাগ্য বিধাতা' সিনেমায়।

নিজের প্রথম লুক শেয়ার করার জন্য কঙ্গনা একটি মোশন পোস্টার প্রকাশ করেছেন। পোস্টারে তাকে ক্ষতবিক্ষত মুখ এবং গালে রক্তের দাগ নিয়ে আগুনের মধ্য দিয়ে হেঁটে আসতে দেখা যায়। নার্সের ইউনিফর্ম পরা কঙ্গনা একজন রোগীকে সাহায্য করছেন বলে মনে হচ্ছে।

পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, 'কুছ খাস করকে, আম হি কেহলাতে। ওহ দিখতে তো হ্যায়, পার নজর নেহি আতে।' অর্থাৎ বিশেষ কিছু করেও তারা সাধারণই রয়ে যান। তারা সামনেই থাকেন, কিন্তু নজরে আসেন না।



'ভারত ভাগ্য বিধাতা' সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার সময় কামা অ্যান্ড অ্যালবলেস হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের কথা ফুটে উঠেছে এই ছবিতে। ওই হামলার সময় ৪০০ রোগীকে রক্ষা করেন হাসপাতালটির কর্মীরা।

সিনেমাটি নিয়ে কঙ্গনা 'ভ্যারাইটি ইন্ডিয়া'কে বলেন, ''আমরা প্রায়শই বীরত্ব উদযাপন করি, কিন্তু আসল সাহস অনেক শান্ত হয়- যা সঠিক সময়ে সামনে আসে, পাশে থাকে এবং দায়িত্ব নেয়। 'ভারত ভাগ্য বিধাতা' হলো সাহস, ত্যাগ, মানবতা এবং ঐক্যের না-বলা এক গল্প। এটি সেইসব সাধারণ মানুষের গল্প যারা সন্ত্রাস এবং জীবনের মাঝে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। এটি দেশপ্রেমের খাঁটি রূপ, যেখানে দায়িত্বই কর্মে পরিণত হয়। এমন একটি গল্পের অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।''

বড় পর্দায় ছবিটি মুক্তি পাবে আগামী ১২ জুন। মনোজ তাপাদিয়ার রচনা ও পরিচালনায় সিনেমাটিতে আরও অভিনয় করেছেন গিরিজা ওক, স্মিতা তাম্বে, অমৃতা নামদেভ, এষা দে, প্রিয়া বের্দে, আশা শেলার, সুহিতা থাত্তে, রসিকা আগাশে, আদিত্য মিশ্র ও জাহিদ খান।

গত কয়েক বছরে কঙ্গনা বলিউডে হিট সিনেমা উপহার দিতে পারেননি। তার সাম্প্রতিক প্রজেক্ট- ইমার্জেন্সি, তেজস, চন্দ্রমুখী ২, ধাকড় এবং থালাইভি— বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে পারেনি। কঙ্গনার সর্বশেষ হিট সিনেমা ছিল 'মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি।' ২০১৯ সালে মুক্তি পায় ছবিটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসএ/টিএ

মন্তব্য করুন