© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ে নিয়ে শমিতাকে কটাক্ষ, জবাবে কী বললেন অভিনেত্রী?

শেয়ার করুন:
বিয়ে নিয়ে শমিতাকে কটাক্ষ, জবাবে কী বললেন অভিনেত্রী?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৮ পিএম | ২৯ মে, ২০২৬
বয়স ও অবিবাহিত থাকা নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তির শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী শমিতা শেঠি। তবে চুপ না থেকে এবার ট্রলের কড়া জবাব দিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে এক ট্রলের মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করে দীর্ঘ প্রতিক্রিয়া জানান ৪৭ বছর বয়সী এই অভিনেত্রী। সেখানে তাকে উদ্দেশ্য করে করা কয়েকটি মন্তব্যের জবাব দেন তিনি।

একটি মন্তব্যে বলা হয়েছিল, ‘আপনার বয়স হয়ে গেছে, আগের মতো আর নেই।’ এর জবাবে শমিতা লেখেন, ‘হ্যাঁ, আমি বদলাব। সময়ের সঙ্গে সবকিছু বদলায়, এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। শারীরিক সৌন্দর্যও চিরস্থায়ী নয়।’ তবে নিজের বর্তমান জীবন নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে শমিতা লেখেন, ‘আমার বয়স অনুযায়ী আমি সুস্থ, ফিট এবং সুখী। সৃষ্টিকর্তা যা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

আরেকটি মন্তব্যে একজন লেখেন, ‘সময়মতো বিয়ে করলে এখন আপনার সন্তান বড় হয়ে যেত।’ এবার আরও তীক্ষ্ণ প্রতিক্রিয়া দেন শমিতা। তিনি লেখেন, ‘তাতে কী? বিয়ে করে কী এমন অর্জন করেছেন ভাই?’



এ সময় অবিবাহিত নারীদের নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গিরও সমালোচনা করেন তিনি। তার ভাষ্য, ‘আপনারা কেন আমাদের মতো অবিবাহিত নারীদের অনুসরণ করেন শুধু বয়স নিয়ে কটাক্ষ করতে? কেন এই পুরুষতান্ত্রিক, গুহামানবসুলভ চিন্তাভাবনা আমাদের ওপর চাপিয়ে দিতে চান?’ সবশেষে ট্রলকারীকে আনফলো করার আহ্বান জানান শমিতা।

২০০০ সালে আদিত্য চোপড়ার সিনেমা ‘মহব্বতে’-এর মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় শমিতা শেঠির। পরে ‘জহর’, ‘ফরেব’ ও ‘ক্যাশ’-এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি। একসময় অভিনয় থেকে বিরতি নিয়ে ইন্টেরিয়র ডিজাইন নিয়েও কাজ করেন।

পরে রিয়েলিটি শো ‘ঝলক দিখলা জা’, ‘খতরোঁ কে খিলাড়ি’, ‘বিগ বস ওটিটি’ ও ‘বিগ বস ১৫’-এ অংশ নিয়ে আবারও আলোচনায় আসেন তিনি। কয়েক বছর আগে অভিনেতা রাকেশ বাপাটের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। তবে ২০২২ সালে শমিতা জানান, তারা আর একসঙ্গে নেই।

এসএ/টিএ

মন্তব্য করুন