© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জিয়াউর রহমানের প্রদর্শিত পথেই বিএনপি এগিয়ে যাবে: ফখরুল

শেয়ার করুন:
জিয়াউর রহমানের প্রদর্শিত পথেই বিএনপি এগিয়ে যাবে: ফখরুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৩ পিএম | ২৯ মে, ২০২৬
জিয়াউর রহমানের প্রদর্শিত পথ ধরেই বিএনপি সামনে এগিয়ে যাবে বলে আশা করছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট সরকার জনগণের কাছে জবাবদিহি, প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, পরমতসহিষ্ণুতাসহ সব নাগরিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। গণতন্ত্রকে স্থিতিশীল ও স্থায়ী রূপ দেওয়ার জন্য রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।

“জাতীয় জীবনের সব সংকট, সংগ্রাম ও বিনির্মাণে শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শ বুকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং জাতীয় স্বার্থ, বহুমাত্রিক গণতন্ত্র এবং জনগণের অধিকার সুরক্ষায় ইস্পাতকঠিন গণঐক্য গড়ে তুলতে হবে।”

৩০ মে শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের ওই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল সৈন্যের হাতে নিহত হন তিন। দিনটি পালনে বিএনপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়ার বর্ণাঢ্য কর্মজীবন তু্লে ধরে বিএনপি মহাসচিব বলেন, “রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, নির্ভিক নির্মোহ রাষ্ট্রনায়ক শহীদ জিয়ার আদর্শ, দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠা আজ জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস। এই মহান জাতীয়তাবাদী নেতার জনপ্রিয়তা দেশি-বিদেশি চক্রান্তকারী শক্তি কখনোই মেনে নিতে পারেনি।

“ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশবিরোধী চক্র তার বিরুদ্ধে নীলনকশা আঁটতে শুরু করে। এই চক্রান্তকারীরা ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করে। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একজন মহান দেশপ্রেমিককে দেশবাসী হারায়। তবে চক্রান্তকারীরা যতই চেষ্টা করুক, কোনো ক্ষণজন্মা রাষ্ট্রনায়ককে পৃথিবী থেকে সরিয়ে দিলেই তিনি বিস্মৃত হন না বরং নিজ দেশের জনগণের হৃদয়ে চিরজাগরূক হয়ে অবস্থান করেন।”

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও তার স্বামীর প্রদর্শিত পথ ধরে গণতন্ত্র ও দেশবিরোধী শক্তিকে মোকাবেলা করে বহুদলীয় গণতন্ত্র, দেশের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বলে তুলে ধরেন বিএনপি মহাসচিব।

টিএ/

মন্তব্য করুন