কেন শাহরুখ-আলিয়াদের আনফলো করলেন করণ জোহর?
ছবি: সংগৃহীত
০৮:২৮ পিএম | ২৯ মে, ২০২৬
বলিউডে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন নির্মাতা করণ জোহর। হঠাৎ করেই ইনস্টাগ্রামে একাধিক তারকাকে আনফলো করায় সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা।
সম্প্রতি করণ জোহর তার ইনস্টাগ্রাম ফলোয়িং তালিকা থেকে একে একে সরিয়ে দেন বলিউডের বেশ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীকে। সেই তালিকায় রয়েছেন শাহরুখ খান, আলিয়া ভাট, কারিনা কাপুর খান, মালাইকা অরোরা, মনীশ মালহোত্রা, বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রার মতো তারকারা।
এমনকি করণের প্রযোজনায় নির্মিত আসন্ন সিনেমা ‘নাগজিলা’র অভিনেতা কার্তিক আরিয়ানকেও আর তার ফলো তালিকায় দেখা যায়নি। ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।

কেউ সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত খুঁজেছেন, আবার কেউ বলিউডের অন্দরমহলের নতুন সমীকরণের কথা বলছেন। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন করণ জোহর। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘এটা একটা ডিজিটাল ডিটক্স। ইনস্টাগ্রামে সময় ও শক্তি কম ব্যয় করতেই সবাইকে আনফলো করছি।
এটা জাতীয় খবর হওয়ার মতো কিছু নয়। দয়া করে অন্য কিছু নিয়ে ক্লিকবেইট বানান।’ বর্তমানে ইনস্টাগ্রামে করণ জোহরের অনুসারীর সংখ্যা প্রায় ১ কোটি ৭০ লাখ। তবে তিনি নিজে অনুসরণ করছেন মাত্র ৭৪টি অ্যাকাউন্ট। এখনো তার ফলো তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, ধর্মা প্রোডাকশনের সিইও অপূর্ব মেহতা এবং ব্যবসায়ী আদার পুনাওয়ালা।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় করণ জোহর প্রায়ই নিজের ব্যক্তিগত জীবন, বলিউড ইন্ডাস্ট্রি এবং সন্তান রুহি ও যশ জোহরকে ঘিরে বিভিন্ন মুহূর্ত শেয়ার করে থাকেন। সম্প্রতি তার প্রযোজিত ‘চাঁদ মেরা দিল’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন অনন্যা পান্ডে ও লক্ষ্য।
আরআই/টিএ