© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হলিউডের চেনা হিসাব ভেঙে রাজত্ব করছেন তরুণ ইউটিউব প্রজন্ম

শেয়ার করুন:
হলিউডের চেনা হিসাব ভেঙে রাজত্ব করছেন তরুণ ইউটিউব প্রজন্ম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৭ পিএম | ০৩ জুন, ২০২৬
প্রথাগত বড় বাজেটের সিনেমাগুলোকে পেছনে ফেলে হলিউডের বক্স অফিসে এখন ব্যবসায়িক সাফল্য পাচ্ছে তরুণ ইউটিউবারদের তৈরি কম বাজেটের ভৌতিক ছবি। সম্প্রতি ১০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত তরুণ পরিচালক কেইন পার্সনসের ‘ব্যাকরুমস’ সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই রেকর্ড ৮১ মিলিয়ন ডলার আয় করেছে।

অন্যদিকে, কারি বার্কারের মাত্র সাড়ে ৭ লাখ ডলারের সিনেমা ‘অবসেশন’ ১০০ মিলিয়ন ডলারের গণ্ডি পার করেছে। এর বিপরীতে ডিজনির ১৬৫ মিলিয়ন ডলারের বড় প্রজেক্ট ‘স্টার ওয়ার্স’-এর নতুন স্পিনঅফ সিনেমাটি মুক্তির দ্বিতীয় সপ্তাহেই ৭০% আয় হারিয়ে বক্স অফিসে চরম বিপর্যয়ের মুখে পড়েছে।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, হলিউডের এই পটপরিবর্তনের পেছনে রয়েছে ইউটিউব প্রজন্ম। ‘স’ ও ‘কনজ্যুরিং’ খ্যাত বিখ্যাত নির্মাতা জেমস ওয়ান এবং প্রযোজক জেসন ব্লাম এই নতুন ধারাকে স্বাগত জানিয়েছেন।

তারা বলেন, এই তরুণ নির্মাতারা কোনো বড় বাজেট ছাড়াই শুধু হাতের মুঠোয় থাকা প্রযুক্তি আর নিজেদের সৃজনশীলতা দিয়ে বছরের পর বছর ধরে ইউটিউবে কনটেন্ট বানিয়ে দক্ষ হয়েছেন। দর্শকরা ঠিক কী পছন্দ করছেন, তা তারা সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিক্রিয়া থেকে শিখেছেন। এর আগে আরেক জনপ্রিয় ইউটিউবার ‘মার্কিপ্লায়ার’ নিজের অর্থায়নে মাত্র ৩ মিলিয়ন ডলারে ‘আয়রন লাং’ সিনেমা বানিয়ে প্রথম সপ্তাহেই ১৮.২ মিলিয়ন ডলার আয় করে সবাইকে চমকে দিয়েছিলেন। 

গবেষণায় দেখা গেছে, বর্তমান প্রজন্মের তরুণ দর্শকরা সুপারহিরো, সিক্যুয়েল বা বড় তারকাদের সিনেমা দেখতে দেখতে ক্লান্ত।

তারা এখন সিনেমার মৌলিক গল্প ও নতুন ধারণার দিকে ঝুঁকছে, যার বড় একটি মাধ্যম হয়ে উঠেছে ইউটিউব। এই প্ল্যাটফর্মটি তরুণদের জন্য হলিউডের প্রচলিত গেটকিপার বা স্টুডিওর চাপ ছাড়াই স্বাধীনভাবে কাজ করার এবং নিজস্ব দর্শক তৈরি করার সুযোগ করে দিয়েছে। এই অভাবনীয় সাফল্যের পর হলিউডের বড় বড় স্টুডিওগুলো এখন এই ইউটিউবারদের পেছনে ছুটছে। যেমন, পরিচালক কারি বার্কারকে ইতিমধ্যেই পরবর্তী বড় প্রজেক্টগুলোর জন্য লাখ লাখ ডলারের প্রস্তাব দেওয়া হচ্ছে এবং জেমস ওয়ানের প্রযোজনা সংস্থা পরবর্তী ‘ব্লেয়ার উইচ প্রজেক্ট’ সিনেমার জন্য নতুন ইউটিউব প্রতিভাদের সাথে কাজ শুরু করেছে।

সূত্র : ভ্যারাইটি

কেএন/টিএ

মন্তব্য করুন