রাজ কাপুরকে ছেড়ে কেন সুনীলকেই বেছে নিয়েছিলেন নার্গিস?
ছবি: সংগৃহীত
০৯:৫৫ পিএম | ০৩ জুন, ২০২৬
বলিউডের ইতিহাসে রাজ কাপুর ও নার্গিসের প্রেম আজও অমলিন। তবে রূপালি পর্দার সেই আলোচিত প্রেমের আড়ালে ছিল অপেক্ষা, অপূর্ণতা আর হৃদয়ভাঙার এক গল্প।
মাত্র ১৬ বছর বয়সে রাজ কাপুরের সঙ্গে পরিচয় নার্গিসের। অল্প সময়েই তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয়। বিবাহিত রাজ কাপুরের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকার পর নার্গিস বুঝতে পারেন, এই ভালোবাসার নেই কোনো ভবিষ্যৎ। ক্যারিয়ারের চাপ আর অনিশ্চিত সম্পর্ক মানসিকভাবে ভেঙে দেয় নায়িকাকে। শেষ পর্যন্ত রাজ কাপুরের জীবন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
রাজ কাপুর ও নার্গিস যখন ভিন্ন পথে হাঁটছেন, ঠিক তখনই আসে 'মাদার ইন্ডিয়া'। সিনেমার শুটিংয়ে ভয়াবহ আগুনে আটকে পড়লে নার্গিসকে উদ্ধার করেন সহশিল্পী সুনীল দত্ত। এদিকে নার্গিসকে উদ্ধার করতে গিয়ে আহত হন তিনি। হাসপাতালে সুনীলের পাশে থাকাকালীন গড়ে ওঠে নতুন সম্পর্ক। যত্ন, মমতা আর সম্মান ধীরে ধীরে রূপ নেয় ভালোবাসায়।

সুনীলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও সিনেমা মুক্তির আগে তা লোকচক্ষুর আড়ালেই রাখেন দুজনে। দেখা করার বদলে একে অপরকে চিঠি লিখতেন তারা। সুনীলের মাঝেই নার্গিস খুঁজে পেয়েছিলেন নিরাপত্তা, সম্মান আর সত্যিকারের ভালোবাসা।
এদিকে সম্পর্ক শেষ হওয়ার পরও নার্গিসকে ভুলতে পারেননি রাজ কাপুর। বিভিন্ন সময় যোগাযোগের চেষ্টা করলেও, নিজের সিদ্ধান্তে অটল ছিলেন অভিনেত্রী। অতীতকে পেছনে ফেলে সুনীলের সঙ্গে সম্পর্কে এগিয়ে যান তিনি।
১৯৫৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুনীল-নার্গিস। বিয়ের পর বেশ সুখেই কাটছিলো তাদের দাম্পত্য। ১৯৮১ সালে অগ্ন্যাশয়ের ক্যানসারে নার্গিসের মৃত্যুর আগ পর্যন্ত তারা ছিলেন একে অপরের সবচেয়ে বড় আশ্রয়।
এসএ/টিকে