© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মা হচ্ছেন অদা শর্মা ?

শেয়ার করুন:
মা হচ্ছেন অদা শর্মা ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৮ পিএম | ০৩ জুন, ২০২৬
অভিনেত্রী অদা শর্মা মানেই চমক, রসিকতা আর ব্যতিক্রমী উপস্থিতি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ভিন্নধর্মী ভিডিও ও মন্তব্যের মাধ্যমে অনুরাগীদের নজর কাড়েন তিনি। কখনো স্পষ্টভাষী মন্তব্যে বিতর্কের জন্ম দেন, আবার কখনো নিজের হাস্যরস দিয়ে সবাইকে চমকে দেন। এবারও ঠিক তেমনই এক ‘ঘোষণা’ দিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি করলেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের বাসা থেকে একটি ভিডিও প্রকাশ করেন অদা। ভিডিওর শুরুতেই তিনি বলেন, “আমি মা হতে চলেছি।” এমন ঘোষণা শুনে অনেকেই প্রথমে অবাক হয়ে যান। তবে কয়েক সেকেন্ড পরই রহস্যের জট খুলে দেন অভিনেত্রী। ফিসফিস করে যোগ করেন, “সৎমা।”

এরপর হাতে একটি ছোট বাদ্যযন্ত্র নিয়ে নিজের নতুন ‘পরিবারের’ সঙ্গে পরিচয় করিয়ে দেন অদা। দেখা যায়, তার বাসার আশপাশে থাকা একটি কাক পরিবারকে নিয়েই মজার এই আয়োজন। ভিডিওতে তিনি একটি কাককে রাসেল নামে পরিচয় করিয়ে দেন। পাশাপাশি দেখান রাসেলের সঙ্গী এবং তাদের ছোট্ট ছানাকে।

ছোট্ট পাখিটির প্রতি নিজের স্নেহের কথা জানিয়ে অদা বলেন, তিনি এক সপ্তাহের জন্য বাইরে থাকবেন। ফিরে এসে আবারও ওই কাক পরিবারের খবর অনুরাগীদের জানাবেন। মজার ছলে নিজেকে ওই কাকছানার ‘সৎমা’ বলেও পরিচয় দেন তিনি।



ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অদার এই ব্যতিক্রমী ঘোষণা দেখে হাসির রোল পড়ে যায় অনুরাগীদের মধ্যে। মন্তব্যের ঘর ভরে যায় নানা মজার প্রতিক্রিয়ায়।

কেউ তাকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “দারুণ সুখবর, আপনাকে শুভেচ্ছা।” আবার কেউ মজা করে জানতে চেয়েছেন, কাকছানাটির নাম ঠিক করার দায়িত্বও কি তারা নিতে পারবেন? এমন অসংখ্য রসিক মন্তব্যে জমে ওঠে ভিডিওটির আলোচনা।

ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উপস্থিতির কারণে প্রায়ই খবরের শিরোনামে থাকেন অদা। বর্তমানে তিনি মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় বসবাস করেন। যে ফ্ল্যাটে একসময় অভিনেতা সুশান্ত সিং রাজপুত ভাড়া থাকতেন, বর্তমানে সেখানেই থাকেন তিনি।

অদা সর্বশেষ আলোচনায় এসেছিলেন বহুল বিতর্কিত চলচ্চিত্র The Kerala Story-এ অভিনয়ের মাধ্যমে। সেই ছবিকে ঘিরে যেমন বিতর্ক তৈরি হয়েছিল, তেমনি প্রশংসাও পেয়েছিলেন তিনি।

তবে এবার কোনো সিনেমা নয়, একটি কাকছানাকে ঘিরেই আলোচনায় উঠে এলেন অদা শর্মা। আর তার মজার এই ‘মা হওয়ার ঘোষণা’ সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের মুখে হাসি ফোটাতে সফল হয়েছে।

এসএ/টিকে

মন্তব্য করুন