৩ নাবিক নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রকে জোরালো প্রতিবাদ জানাল ভারত
ছবি: সংগৃহীত
০৬:৫৬ পিএম | ১১ জুন, ২০২৬
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে ইরান-সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছে। এ ঘটনায় পারস্য উপসাগরীয় অঞ্চলে জাহাজে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ভারত।
বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘সেত্তেবেলো জাহাজে হামলার ঘটনায় আমরা যুক্তরাষ্ট্রের কাছে জোরালো প্রতিবাদ জানিয়েছি। আমরা স্পষ্ট করে বলেছি আমাদের নাবিক সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের হামলা অবশ্যই বন্ধ হতে হবে।’
এর আগে ভারতের কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মন্ত্রী নিশ্চিত করেন, বুধবার (১০ জুন) ওমান উপসাগরে একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলার পর তিন ভারতীয় নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন বাহিনীর নির্দেশনা বারবার অমান্য করায় একটি মার্কিন যুদ্ধবিমান জাহাজটির ইঞ্জিন কক্ষে নির্ভুল বোমা হামলা চালায়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব অসীম মহাজন জানান, এমটি সেত্তেবেলো জাহাজে মোট ২৮ জন নাবিক ছিলেন, যার মধ্যে ২৪ জনই ভারতীয় নাগরিক।
তিনি বলেন, ‘২৪ ভারতীয় নাবিকের মধ্যে ২১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে তিনজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।’
তিনি আরও জানান, আজ (১১ জুন) ওমান উপকূলের কাছে আরেকটি বাণিজ্যিক জাহাজ এমটি জলবীর হামলার শিকার হয়েছে। গিনি-বিসাউয়ের পতাকাবাহী জাহাজটিতে ২০ জন ভারতীয় নাবিক ছিলেন। তবে তাদের সবাই নিরাপদ আছেন বলে জানিয়েছেন তিনি।
টিএ/