শাকিরার সঙ্গে সেলফি তুলতে আর্জেন্টাইন সাংবাদিকের কাণ্ড
ছবি: সংগৃহীত
০১:৫৮ পিএম | ১২ জুন, ২০২৬
মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের আগে এক মজার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক মার্সেলো বেনেদেত্তো।
ডিস্পোর্টস- এর এই প্রতিবেদক স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করছিলেন। এমন সময় তিনি দেখতে পান, কলম্বিয়ান পপ তারকা শাকিরা ভেন্যুতে প্রবেশ করছেন। সুযোগ হাতছাড়া না করে বেনেদেত্তো হঠাৎই তার লাইভ রিপোর্ট থামিয়ে সহকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি ওনার (শাকিরার) পেছনে যাচ্ছি।’
এরপর তিনি নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে শাকিরার কাছে পৌঁছে যান এবং একটি সেলফির অনুরোধ করেন। বিশ্বখ্যাত এই সংগীতশিল্পী হাসিমুখে তার অনুরোধ গ্রহণ করেন এবং সাংবাদিকের সঙ্গে ছবি তোলেন।
সেলফি তোলার পর বেনেদেত্তো আবার লাইভ সম্প্রচারে ফিরে এসে সহকর্মী ও দর্শকদের সেই ছবি দেখান। মুখে চওড়া হাসি নিয়ে সময়টা উপভোগ করেন বেনেদেত্তো।
পরে তিনি মজা করে বলেন, এর আগে বক্সিং কিংবদন্তি মাইক টাইসনের সঙ্গেও এভাবে হুট করে ছবি তুলেছিলেন। তবে শাকিরার সঙ্গে ছবিটি তার পেশাগত জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। আন্তর্জাতিক ক্রীড়া আসরে বিভিন্ন তারকার সঙ্গে ছবি তুলে এর আগেও তিনি আলোচনায় এসেছেন।
ঘটনার ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং হাজারো প্রতিক্রিয়া ও হাস্যরসাত্মক মন্তব্যের জন্ম দেয়। অনেক ফুটবল সমর্থক মন্তব্য করেন, জীবনে একবারই আসা এমন সুযোগকে কাজে লাগাতেই সাংবাদিক এই কাজ করেছেন।
উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আজতেকা স্টেডিয়ামে প্রধান আকর্ষণ ছিলেন শাকিরা। তার সঙ্গে মঞ্চে ছিলেন নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়। তারা পরিবেশন করেন বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’। তাদের পরিবেশনায় গ্যালারিজুড়ে তৈরি হয় উচ্ছ্বাসের আবহ। এছাড়া আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন ও ইজেএ একসঙ্গে পরিবেশন করেন বিশ্বকাপের আরেকটি আলোচিত গান ‘ডিএনএ’, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
এসএন