© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান পিছিয়ে দিল ইরান

শেয়ার করুন:
খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান পিছিয়ে দিল ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫০ পিএম | ১২ জুন, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান অভিযানে নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান পিছিয়ে দিয়েছে দেশটির সরকার। রাজধানী তেহরানের মেয়র আলীরেজা জাকানি আজ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ইরানের সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, আরবি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের প্রথম ১০ দিনের মধ্যে হবে সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান। সেই হিসেবে চলতি জুন মাসের মাঝামাঝি এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

আজ শুক্রবার মেয়র আলীরেজা জাকানি জানিয়েছেন, পরিবর্তিত সিদ্ধান্ত অনুসারে খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান হবে মহররমের দ্বিতীয় ১০ দিনের যে কোনো সময়ে। অর্থাৎ ইংরেজি বর্ষপঞ্জি অনুসারে, ২৬ জুন থেকে ৫ জুলাই— এই ১০ দিনের মধ্যে হবে খামেনির শোক অনুষ্ঠান।

তিনি আরও জানান, পবিত্র আশুরা উপলক্ষে খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান পেছানোর সিদ্ধান্ত নিয়েছে ইরানের সরকার।

মহররমের ১০ তারিখ বা আশুরা ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র শোকের দিবস। আজ থেকে প্রায় ১ হাজার ৪০০ বছর আগে ইরাকের ঐতিহাসিক কারবালা ময়দানে এজিদ ইবনে মুআবিয়ার সৈন্যদলের হাতে নিহত হয়েছিলেন ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহম্মদ (স.) এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.)। শিয়াপন্থি ইরানে বেশ গুরুত্ব ও আড়ম্বরের সঙ্গে এই দিনটি পালন করা হয়।

পরমাণু প্রকল্প নিয়ে মতবিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। অভিযানের প্রথম দিনই স্ত্রী, পুত্রবধু ও নাতিসহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি গত ৩৭ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন। সেই হামলায় গুরুতর আহত হন খামেনির ছেলে আয়াতুল্লাহ মোজতবা খামেনি। বর্তমানে তিনি ইরানের সর্বোচ্চ নেতার ভূমিকায় আছেন।

খামেনির মরদেহ সংরক্ষিত অবস্থায় আছে, এখনও দাফন হয়নি। ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকার সরকার ঘোষণা দিয়েছে, রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানের মাধ্যমে তার দেহ দাফন করা হবে এবং এ উপলক্ষে ৩ দিন সরকারি শোক পালন করবে ইরান।  

সূত্র : এএফপি, এনডিটিভি ওয়ার্ল্ড

এমআর/টিএ  

মন্তব্য করুন