আদালতে হাজিরা দিতে এসে প্রাণ গেল আসামির
ছবি: সংগৃহীত
০৮:৪৩ পিএম | ১৭ জুন, ২০২৬
পঞ্চগড় আদালতে হাজিরা দিতে এসে ময়নুল হক (৫৯) নামের এক আসামির মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
মৃত ময়নুল হক জেলার আটোয়ারী উপজেলার বারো আউলিয়া এলাকার বাসিন্দা।
তার মামলার আইনজীবীর সহকারী আনোয়ারুল ইসলাম বলেন, ময়নুল জমিসংক্রান্ত একটি মামলার হাজিরা দিতে আদালতে এসেছিলেন। কিন্তু বিচারপতি পরিদর্শনে আসায় আদালত বসেনি। পরে তিনি এজলাসের ভেতর কিছুক্ষণ বসেছিলেন।
সেখানে একবার বমি করেন। পরে বাইরে এসে বেঞ্চে বসেন। তিনি স্বাভাবিকভাবে মাথায় হাত দিয়ে শুয়ে ছিলেন। দীর্ঘসময় তার কোনো সাড়া-শব্দ না পেয়ে কাছে গিয়ে দেখি মারা গেছেন ময়নুল? পরে বিষয়টি পুলিশ ও তার পরিবারকে জানানো হয়।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা দীপেন্দ্রনাথ সিংহ বলেন, আমরা লাঞ্চে যাওয়ার সময় ময়নুলকে ডাকি। পরে লোকজন এসে কাছে গিয়ে দেখতে পান তিনি মারা গেছেন।
মৃত ময়নুল হকের ভাতিজা ফয়সাল কবির বলেন, আমার চাচার কোনো অসুখ ছিল না। তিনি নিজে মোটরসাইকেল চালিয়ে আদালতে যান। হঠাৎ খবর পাই তিনি মারা গেছেন।
কোর্ট ইন্সপেক্টর খান মো. শাহরিয়ার বলেন, ময়নুল বেঞ্চে শুয়ে ছিলেন। অনেকক্ষণ তার কোনো সাড়া না পেয়ে আমরা তাকে হাসপাতালে পাঠাই। তবে অনেকেই বলছিলেন তিনি এখানেই মারা গেছেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুমন কুমার বণিক বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
এসকে/টিকে