© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সালমানকে ঘিরে ছড়ানো খবর ভিত্তিহীন বলছে সূত্র!

শেয়ার করুন:
সালমানকে ঘিরে ছড়ানো খবর ভিত্তিহীন বলছে সূত্র!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৭ পিএম | ১৮ জুন, ২০২৬
বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত কমেডি সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ মুক্তি পাচ্ছে আগামী ২৬ জুন। বিশাল তারকাবহুল কাস্টের কারণে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। তবে মুক্তির আগে সিনেমাটিতে সালমান খান বিশেষ উপস্থিতিতে থাকছেন- এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত সেই খবরের সত্যতা মেলেনি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ সালমান খানের কোনো ক্যামিও নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি নিয়ে যে আলোচনা চলছে, তা পুরোপুরি ভিত্তিহীন বলেই দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্রটির ভাষ্য, বর্তমানে নিজের একাধিক প্রকল্প নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। তাই এই কমেডি সিনেমার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এমনকি ক্যামিও নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, সেটিরও কোনো বাস্তব ভিত্তি নেই। মূলত অভিনেতা ও কৌতুকশিল্পী কৃষ্ণা অভিষেকের একটি মন্তব্য থেকেই এই গুঞ্জনের সূত্রপাত। একটি অনুষ্ঠানে পাপারাজ্জিদের সঙ্গে আলাপকালে তাকে সিনেমাটিতে সালমান খানের উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়। তার উত্তরে এমন ইঙ্গিত পাওয়া যায়, যেন দর্শকদের জন্য কোনো বড় চমক অপেক্ষা করছে।



এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সালমান খান হয়তো বিশেষ চরিত্রে হাজির হতে পারেন। তবে সাম্প্রতিক ব্যাখ্যার পর সেই জল্পনার ইতি ঘটেছে। আহমেদ খান পরিচালিত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির নতুন সংযোজন। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সুনীল শেঠি, পরেশ রাওয়াল, জ্যাকি শ্রফ, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি, লারা দত্তসহ আরও অনেক তারকা।

প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির সঙ্গে মোট ৩৪ জন অভিনেতা যুক্ত রয়েছেন। ভুল বোঝাবুঝি, অদ্ভুত সব পরিস্থিতি এবং ধারাবাহিক হাস্যরসাত্মক ঘটনাকে ঘিরেই এগোবে সিনেমার গল্প। অন্যদিকে, কাজের ব্যস্ত সময় পার করছেন সালমান খানও। বর্তমানে তিনি পরিচালক ভামসি পাইদিপাল্লির একটি অ্যাকশনধর্মী সিনেমার কাজে যুক্ত রয়েছেন। পাশাপাশি ২০২৬ সালের শেষদিকে নির্মাতা জুটি রাজ ও ডি কে-এর নতুন একটি প্রকল্পেও তার কাজ করার সম্ভাবনা রয়েছে।

এছাড়া ফারহান আখতাতের সঙ্গে একটি বড় বাজেটের পিরিয়ড ড্রামা নিয়েও আলোচনা চলছে বলে জানা গেছে। ফলে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ সালমান খানকে দেখা না গেলেও তার আসন্ন প্রকল্পগুলো নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই।

এসএ/টিকে


মন্তব্য করুন