আসছে ‘বিগ বস’ বাংলার নতুন সিজন
ছবি: সংগৃহীত
০২:২৯ পিএম | ১৯ জুন, ২০২৬
দীর্ঘ এক দশক বিরতির পর অবশেষে টিভি পর্দায় ফিরছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’। এবারের সিজনের (সিজন ৩) সবচেয়ে বড় চমক হলো শোটির সঞ্চালকের আসনে থাকছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
‘বিগ বস’ বাংলা রিয়েলিটি শোটি প্রযোজনা করছেন এন্ডেমল শাইন ইন্ডিয়া ও বাণিজ্য এশিয়া। নেটদুনিয়ায় এর অফিসিয়াল প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মাঝে অনুষ্ঠানটি ঘিরে উন্মাদনা তুঙ্গে।

শোয়ের অফিসিয়াল ঘোষণায় সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, বিগ বসের ফরম্যাটটি দৃঢ় ব্যক্তিত্ব, সাহসী মতামত এবং আকর্ষণীয় কথোপকথনের ওপর ভিত্তি করে তৈরি, যা বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে গভীরভাবে মিশে আছে।
শোনা যাচ্ছে, আগস্টেই শুরু হবে ‘বিগ বস’ বাংলার শুটিং। তাই জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করা হবে প্রতিযোগীর তালিকা। অনুষ্ঠানটি সেপ্টেম্বর থেকে প্রচারে আসবে। টানা ৬ মাস চলবে জনপ্রিয় এ রিয়েলিটি শোটি।
প্রসঙ্গত, ভারতের জনপ্রিয় চ্যানেল ‘স্টার জলসা’এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘জিও হটস্টার’-এ প্রচারিত হবে ‘বিগ বস’ বাংলার সিজন ৩ এর নতুন পর্ব।
সূত্র: আনন্দবাজার