বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত
০২:০৭ পিএম | ০৩ জুলাই, ২০২৬
মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটির ছুটির আগে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে কেন্দ্র করে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান এই শান্তি উদ্যোগের কারণে বাজারে কিছুটা স্বস্তি দেখা গেলেও বিনিয়োগকারীরা এখনও পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন।
শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১৭ সেন্ট বা ০.২৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭২.১০ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১৪ সেন্ট বা ০.২০ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৬৮.৮৩ ডলারে কেনাবেচা হচ্ছে। শনিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস (ফোরথ অব জুলাই) উপলক্ষে শুক্রবার থেকেই দেশটির বাজার বন্ধ থাকবে।
বাজার বিশ্লেষকদের মতে, গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেলের দাম ওঠানামা করছিল, তবে চলতি সপ্তাহে তেলের মূল্যে গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে কম পরিবর্তন দেখা গেছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, বাজারে এখন একটি নিয়ন্ত্রিত আশাবাদ কাজ করছে। সবাই চাচ্ছে শান্তি প্রচেষ্টা সফল হোক, তবে বাস্তবক্ষেত্রে এর চূড়ান্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত ব্যবসায়ীরা সাবধানে পা ফেলছেন।
এদিকে, সাময়িক শান্তি চুক্তির পর বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ‘হরমূজ প্রণালী’ পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হওয়ায় বেশ কয়েকটি দেশ তেল উৎপাদন ও রপ্তানি বাড়াতে কাজ করছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট উৎপাদিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়েই পরিবহন করা হতো।
চুক্তির সুফল হিসেবে মে মাসে কুয়েতের তেল উৎপাদন দৈনিক ৫ লাখ ৮০ হাজার ব্যারেল থাকলেও জুন মাসে তা এক লাফে বেড়ে ১৬ লাখ ৫০ হাজার ব্যারেলে পৌঁছেছে। পাশাপাশি, এশিয়ায় দ্রুত তেল বিক্রির লক্ষ্যে সৌদি আরামকো স্পট প্রাইসিং বা তাৎক্ষণিক বাজার মূল্য পদ্ধতি চালু করেছে এবং সৌদি আরবের ১ কোটি ব্যারেল তেল নিয়ে অন্তত পাঁচটি সুপারট্যাঙ্কার ইতিমধ্যে হরমূজ প্রণালী পার হয়েছে।
সূত্র: রয়টার্স
এমআর/এসএন